অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী ছেলে, বাবা তদন্ত করলে আপত্তি? তৃণমূলকে প্রশ্ন হাই কোর্টের
প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আইনজীবী হিসেবে লড়ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের ছেলে। আর সেই মামলাতেই স্পেশাল অফিসার হিসেবে সুব্রত তালুকদারকেকে নিয়োগ করতে চায় আদালত। এ নিয়ে আপত্তি রয়েছে কি না, তা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বুধবার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আদালত চাইছে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করতে। আগের শুনানিতে এই মামলায় স্পেশাল অফিসার নিয়োগের কথা বলেছিলাম। কিন্তু তাঁর ছেলে এই মামলায় আইনজীবী হিসেবে যুক্ত।” তারপরেই তৃণমূলের আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “এতে আপনাদের কোনও সমস্যা আছে কি? থাকলে বলতে পারেন।”
কালীঘাট তৃণমূলে পক্ষে এই মামলায় লড়ছেন আইনজীবী কিশোর দত্ত। তবে বিচারপতির প্রশ্নে তিনি কোনও জবাব দেননি। তিনি বলেন, এ বিষয়ে কিছু বলার থাকলে আইনজীবী অভিষেক মনুসিঙঘভি। বিচারপতি জানান, বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শুনে তবেই স্পেশাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেবে আদালত। বুধবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন। তাঁর আবেদন মেনে নিয়ে বুধবার শুনানি হয়নি। তবে কালীঘাট তৃণমূলের কাছে স্পেশাল অফিসার নিয়োগ নিয়ে মতামত জানতে চান বিচারপতি। আরও কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে অতিরিক্ত হলফনামা দেওয়ার অনুমতিও দেন বিচারপতি ভট্টাচার্য।