বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। এক তরুণীকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে তিলজলা থানায়। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা ও জবানবন্দি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের মেয়ের সঙ্গে অভিযোগকারিণীর বহুদিনের বন্ধুত্ব। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে যাতায়াত ছিল। সম্প্রতি অভিযোগকারিণীর নিজের বাড়িতে কিছু সমস্যা থাকায় কয়েকদিন ধরে তিনি বান্ধবীর বাড়িতেই ছিলেন। অভিযোগ, বাড়ির অন্য সদস্যরা প্রয়োজনে বাইরে বেরোলে ফাঁকা বাড়ির সুযোগ নিতেন অভিযুক্ত। বিভিন্ন অছিলায় তিনি বাড়িতে থেকে যেতেন। প্রথমবারের ঘটনার পর ভয় ও লজ্জায় কাউকে কিছু জানাননি ওই তরুণী।
অভিযোগ, তখনই অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এর পরে আরও একাধিকবার একই ভাবে তাঁর উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত বাড়ির লোককে সব কথা জানান ওই তরুণী। বান্ধবীকেও বিষয়টি জানান নিরুপায় হয়ে।
ওই তরুণী তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে তিলজলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।