বঙ্গোপসাগরে নিখোঁজ শংকরপুরের 'জয় মা কালী' ট্রলার, ১৬ মৎস্যজীবীর খোঁজে নৌবাহিনীর তল্লাশি
News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ শংকরপুরের একটি ফিশিং ট্রলার। গত কয়েক দিন ধরে ট্রলারটির সঙ্গে কোনও যোগাযোগ না থাকায় উদ্বেগ বাড়ছে মৎস্যজীবীদের পরিবারে। ‘জয় মা কালী’ নামে ওই ট্রলারে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত ২ জুলাই শংকরপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দেয় ‘জয় মা কালী’ ট্রলারটি। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পর অন্য ট্রলারগুলির মতো তারাও তীরে ফিরে আসার কথা ছিল। কিন্তু গত তিন দিন ধরে ট্রলারের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ফলে মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে। ট্রলারের মালিক স্বদেশ নায়েক বিষয়টি দীঘার ADF Marine-কে জানিয়েছেন। তাঁর দাবি, নিখোঁজ ট্রলারের সন্ধানে দ্রুত হেলিকপ্টার, কোস্টগার্ড এবং ভারতীয় নৌবাহিনীকে নামানো হোক।
সূত্রের খবর, ট্রলারটির সর্বশেষ GPS লোকেশন পাওয়া গিয়েছিল জলধা ব্রিজ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে। এরপর থেকেই ট্রলারটির অবস্থান সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই ADF Marine-এর পক্ষ থেকে কোস্টগার্ডকে ট্রলারটির খোঁজে তল্লাশি চালানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সমুদ্রে থাকা অন্যান্য মাছ ধরার ট্রলারগুলির কাছেও নিখোঁজ ট্রলারটির তথ্য পাঠানো হয়েছে, যাতে কেউ সেটির অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারেন। এদিকে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ট্রলারটি মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছে কি না। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ট্রলারটির কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে ১৬ জন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। দ্রুত উদ্ধার অভিযানের দাবি জানিয়েছেন তাঁরা।