দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সক্রিয় মরশুমের প্রথম মৌসুমি বায়ুজনিত শক্তিশালী বৃষ্টি বলয়। যার জেরে আগামী ১০ জুলাই থেকে ১৩ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এমনটাই জানাচ্ছেন আবহবিদেরা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে মরশুমের অন্যতম শক্তিশালী বৃষ্টি বলয় গড়ে উঠছে। এর প্রভাবে কোথাও কোথাও কম সময়ের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং অতি প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। আগামী চার দিনে ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। প্রবল বর্ষণে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে। বিপদসীমার উপর দিয়ে বইতে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা নদী। প্লাবিত হতে পারে নিচু এলাকাও। কমলা সতর্কতা রয়েছে দুই দিনাজপুরেও। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম হবে। সেই সময়ের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।