• এক রাতের বৃষ্টিতেই বড় ধস! সেবকে বন্ধ সিকিম-কালিম্পং যাওয়ার জাতীয় সড়ক
    News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
  • রাতভর টানা বৃষ্টির জেরে ৩১ নম্বর জাতীয় সড়কের সেবক কালিবাড়ি সংলগ্ন এলাকায় ধস নেমেছে। এর ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিম এবং ডুয়ার্সের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

    ধসের জেরে আপাতত বিকল্প পথে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি-গজলডোবা-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং এবং শিলিগুড়ি-গজলডোবা-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-মঙসঙ-রেনক-রংপো-গ্যাংটক রুট ব্যবহার করা যাচ্ছে। এছাড়া শিলিগুড়ি-গজলডোবা-ওদলাবাড়ি-মালবাজার-চালসা রুটও বিকল্প হিসেবে রাখা হয়েছে।

    অন্যদিকে, কালিম্পংয়ের ২৯ মাইল এলাকাতেও টানা বৃষ্টির জেরে ধস নেমেছে। ঘটনাস্থলে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর কর্মীরা এবং পুলিশ মোতায়েন রয়েছে। আপাতত ওই এলাকাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

    আরও পড়ুনঃ UGC-NET-এ প্রশ্নফাঁসের অভিযোগ, ‘আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র’, মোদি সরকারকে নিশানা রাহুলের

    প্রসঙ্গত, আগামী ১১ জুলাই থেকে টানা তিন দিন ১০ নম্বর জাতীয় সড়কের বারডাংয়ের ২০ মাইল এলাকায় মেরামতির কাজ চলবে। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে রাস্তা মজবুত করার পাশাপাশি ধসপ্রবণ অংশে নিরাপত্তামূলক কাজ করা হবে। যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য বিকল্প রুটও নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপো–রোরথাং–পাকিয়ং–রানিপুল হয়ে ৭১৭(এ) জাতীয় সড়ক ব্যবহার করা যাবে। এছাড়া ছোট গাড়ির জন্য ডুগা–পেন্ডাম রোড খোলা থাকবে। তাই সিকিমগামী পর্যটকদের যাত্রার আগে রুট সম্পর্কে নিশ্চিত হয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    দিকে আবহাওয়া দফতর উত্তরবঙ্গের পাহাড় ও পার্শ্ববর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই সিকিমের বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। সাংখোলা–জিংলা–মার্টাম সড়ক, তুমিন–ধানবাড়ি সড়ক এবং লেগশিপ–রাভাংলা সড়কে ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)