বারুইপুর কাণ্ডে ‘অতৃপ্ত আত্মাদের’ হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার গোলমাল-তাণ্ডবে অভিযুক্তদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
গোলমালের ঘটনায় বুধবারই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও ২২ জনকে পাকড়াও করা হয়। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট ৪০ জন অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারীদের হাতে।
বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের দিন, রবিবার, দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বারুইপুর কাণ্ডে স্রেফ সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে একদল জনতা। রেল অবরোধ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে ওই বিশৃঙ্খলার যে সব ফুটেজ ছড়িয়ে পড়েছিল, সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।
বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের পরে রবিবারই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দেন তিনি। দোষীদের বিরুদ্ধেও সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, গোলমালের ঘটনায় যাঁরা জড়িত, তাঁদেরও কাউকে রেয়াত করা হবে না। গণপিটুনির যে মামলা হয়েছে, তার নেপথ্যে ‘সাম্প্রদায়িক যোগ’ থাকতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুরে যে তাণ্ডব চলেছে, তাতে বিরোধীদের প্ররোচনার অভিযোগ তুলেছেন তিনি।
বারুইপুরের তাণ্ডব প্রসঙ্গে গত সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাকি যাঁরা অতৃপ্ত আত্মা রয়েছেন, ভোটে হেরে যাঁরা ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনও ঘরে রয়েছেন, তিন জন মিলে যে তিনটে কাণ্ড করেছেন, তাঁদেরও ভুগতে হবে। এমন ভোগাব বুঝতে পারবে।’ পরের দিন, মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু। সেখানে তিনি জানান, নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পরে যে যুবককে সন্দেহভাজন মনে করে পিটিয়ে খুন করা হয়, তিনি নির্দোষ ছিলেন।
কিশোরীর দেহ উদ্ধারের পর রবিবার দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর। পুলিশের গাড়িতে ভাঙচুর, রেললাইন উপড়ে ফেলার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, ভিডিয়ো দেখে ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় যাঁরা উস্কানি দিয়েছেন, তাঁদেরও শনাক্ত করা হয়েছে বলে জানান শুভেন্দু।