• জলের তোড়ে ভেসে যাচ্ছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার, সংকটের মধ্যে মহারাষ্ট্রে উদ্বেগ
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • গোঁদের উপর বিষফোঁড়া সম্ভবত একেই বলে। একে তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশে চরম জ্বালানি সংকট। এই আবহে আবার রীতিমতো অপচয়! মহারাষ্ট্রের রায়গড়ে স্রেফ জলের তোড়ে ভেসে গেল কয়েক হাজার এলপিজি সিলিন্ডার। যা নিয়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন।

    আসলে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রজুড়ে লাগাতার বৃষ্টি হচ্ছে। যার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি। মুম্বইয়ের মতো মহানগরেও রাস্তাঘাটের অবস্থা ভয়ংকর। প্রান্তিক এলাকাগুলিতে আমজনতার জীবনযাত্রা রীতিমতো দুর্বিষহ। এরই মধ্যে উদ্বেগজনক একটি ভিডিও প্রকাশ্যে এসেছে রায়গড় জেলার পানভেল ব্লক থেকে। ওই এলাকায় এইচপিসিএলের একটি এলপিজি বটলিং প্ল্যান্ট রয়েছে। জানা গিয়েছে, সেখান থেকে অন্তত হাজার তিনেক রান্নার গ্যাসের সিলিন্ডার স্রেফ ভেসে গিয়েছে।

    জানা গিয়েছে, অতিবৃষ্টির জন্য পানভেলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের অন্দরে জল ঢুকে পড়ে। গত কয়েকদিনে নিয়মিত সেই জলস্তর বাড়ছে। যার জেরে কারখানা থেকে বহু সিলিন্ডার স্রেফ ভেসে গিয়েছে। কর্তৃপক্ষের ধারণা ওই সিলিন্ডার সংখ্যাটা অন্তত ৩ হাজার! এর মধ্যে কিছুতে গ্যাস ভর্তি ছিল, আবার কিছু খালিও ছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল স্রোতের টানে একের পর এক সিলিন্ডার নদীর জলে ভেসে যাচ্ছে। ওই ছবি রায়গড় জেলা প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে। ওই সিলিন্ডারগুলি আশেপাশের এলাকায় পৌঁছলে যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সিলিন্ডারগুলিতে অক্ষত বা নিরাপদ থাকছে কিনা, সেটা স্পষ্ট নয়। ঘটনার পরই রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক করা হয়েছে।

    ওই বিপুল পরিমাণ সিলিন্ডারের অপচয় নিয়েও চিন্তিত প্রশাসন। মধ্য প্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এই আবহে ফের দেশে গ্যাসের সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে এত গ্যাস সিলিন্ডার স্রেফ ভেসে যাওয়ায় নাগরিকদের কাছে সময়মতো রান্নার গ্যাস পৌঁছে দেওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এইচপিসিএলের কাছে।
  • Link to this news (প্রতিদিন)