• রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা গড়বে মিৎসুবিশি! নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে অশোক টোডিও
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে আগ্রহ দেখাল বহুজাতিক সংস্থা মিৎসুবিশি। পাশাপাশি, কারখানার সম্প্রসারণ থেকে নতুন প্রকল্পে লগ্নি করছে লাক্স ইন্ডাস্ট্রিজও। সেমিকন্ডাক্টর কারখানার জন্য মিৎসুবিশি প্রাথমিকভাবে সমীক্ষার কাজও সেরে ফেলেছে। রাজ্যের তরফে পানাগড় বা ডানকুনিতে এই কারখানা তৈরি করা জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জাপানি সংস্থাটিকে। অন্যদিকে বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক টোডি। ডানকুনির কারখানাটির সম্প্রসারণ করবে এই সংস্থা। সেই শিলান্যাস অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রসারণ এবং নতুন করে রাজ্যে বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। নবান্নে আসেন মিৎসুবিশি সংস্থার শীর্ষ কর্তারাও। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তাঁরা।

    সূত্রের খবর, সেমিকন্ডাক্টার ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষকর্তারা রাজ্যে এসে জায়গা দেখতে পারেন। তার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। মিৎসুবিশি থেকে লাক্স ইন্ডাস্ট্রিজ, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে দুটি সংস্থারই। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বহু শিল্প সংস্থাই। তথ্যপ্রযুক্তি থেকে ভারী শিল্পের প্রস্তাব এসেছে রাজ্যের কাছে। কথা চলছে টাটা-সহ একাধিক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গেও। রাজ্যসরকারও শিল্প স্থাপনের উপযোগী পরিকাঠামো থেকে প্রশাসনিক ব্যবস্থার বদল করছে। সব মিলিয়ে শিল্প-বান্ধব যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তার জন্যই নয়া শিল্প থেকে প্রতিষ্ঠিত শিল্পের সম্প্রসারণে লগ্নির আশা দেখা দিচ্ছে বলে মনে করছে নবান্নও। এদিন একই সঙ্গে দুটি সংস্থার সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে সেই বার্তায় দেখছে শিল্পমহলও।

    বলে রাখা প্রয়োজন, চলতি মাসেই দুটি বড় শিল্প বিনিয়োগর সম্ভাবনা তৈরির কথা আগেই জানিয়েছেন শিল্পমন্ত্রী। একটি হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের এবং আরেকটি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের। লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণের শিলান্যাস হবে ১১ জুলাই। ১৮ জুলাই হবে শ্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ। দুটি ক্ষেত্রেই লগ্নির পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। এদিন বণিকসভার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের পছন্দের বিনিয়োগ গন্তব্যে পরিণত করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। 
  • Link to this news (প্রতিদিন)