• হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহ, শিবসেনা কর্পোরেটর ধৃত
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • মুম্বই: হাসপাতালে দলবল নিয়ে ঢুকে মহিলা চিকিৎসককে এলোপাথাড়িভাবে চড়-ঘুষি। রেহাই পাননি অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। মহারাষ্ট্রের থানের এই ঘটনায় বুধবার অভিযুক্ত সিন্ধেপন্থী শিবসেনা কর্পোরেটর রমেশ মাত্রেকে গ্রেপ্তার করল পুলিশ। আগেই তিনজনকে পাকড়াও করা হয়েছিল। এসিপি সুহাস হেমাদে জানিয়েছিলেন, অভিযুক্ত কর্পোরেটও রেহাই পাবেন না। যদিও বিন্দুমাত্র অনুশোচনা নেই ধৃত রমেশের। এদিন সকালেও তিনি বলেন, ‘কোনো অন্যায় করিনি। ওই চিকিৎসক কথা শুনছিল না। তাঁর ফোনটা ছাড়াতে গিয়েই চড় মেরেছি।’

    সোমবার সন্ধ্যায় হাসপাতালের এনআইসিইউ-তে পর্যাপ্ত জায়গা না থাকায় এক সদ্যোজাতকে অন্য ওয়ার্ডে সরানোর কথা বলেন চিকিৎসকরা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের লোকজন। চিকিৎসকদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। তড়িঘড়ি সিন্ধেপন্থী কর্পোরেটর রমেশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরপর কর্পোরেটরের নেতৃত্বে মহিলা চিকিৎসক সহ দুই চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন হাসপাতালের অন্যান্য কর্মীও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ঘটনার ভিডিয়ো। প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতির ডাক দেন  হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিন্দা জানায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন। আক্রান্ত মহিলা চিকিৎসক সৃষ্টি বাভিস্কারের মা-বাবার বক্তব্য, মেয়ে আতঙ্কিত। কাজে যেতে চাইছে না। 

    এই ঘটনায় উদ্ধবপন্থী শিবসেনা বিধায়ক আদিত্য থ্যাকার কটাক্ষ ছুড়ে বলেন, এবার কি শরিক দলের ‘গুন্ডাগিরি’ সহ্য করবেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ? ওই কর্পোরেটরকে গ্রেপ্তার করে বরখাস্ত করা হবে নাকি মহারাষ্ট্রে এই ধরনের আইনশৃঙ্খলার অবনতিকে প্রশ্রয় দেবেন তিনি? ঘটনার তীব্র নিন্দা জানান পেশায় চিকিৎসক খোদ সিন্ধেপন্থী শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ধেও। এরপরই অভিযুক্তর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)