নয়াদিল্লি: রেললাইনের ধারে খাবারের দোকান। চালক ট্রেন থামিয়ে কিনে ফেললেন গরম গরম শিঙাড়া। ফের চালু হল ট্রেন। ইন্দোরের রাউতে রঙ্গওয়াসা রোডের কাছে এই ঘটনার ভিডিয়ো রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেওয়া এই ভিডিয়োতে দাবি, ইন্দোর-মাউ ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের চালক এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ জারি করা হয়। রেল জানায়, ভিডিয়োটি বিভ্রান্তিকর। যে ট্রেনটিকে দেখা যাচ্ছে সেটি ইন্দোর-মাউ ডিইএমইউ প্যাসেঞ্জার নয়, বরং একটি মালগাড়ি। সেটিকে রাউ ইয়ার্ডে ইঞ্জিনিয়ারিং কাজের জন্য রাউ হোম সিগন্যালে থামানো হয়েছিল। যে ব্যক্তিকে শিঙাড়া কিনতে দেখা যাচ্ছে, তিনি সহকারী লোকো পাইলট। ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনটি আগেই থেমেছিল। খাবার কেনার জন্য ট্রেনটি থামানো হয়নি। অন্যদিকে, রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি কামরাতেই বাসর শয্যা সাজিয়েছিলেন যুগল। তা সম্পূর্ণ বেআইনি। ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নেয় রেল।