পুরীতে রথযাত্রায় ১২ হাজার পুলিশকর্মী, নজরদারি ড্রোনে
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
পুরী: আর এক সপ্তাহ পরেই রথযাত্রা। সেই উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পুরীকে। মোতায়েন থাকবে ১২ হাজার পুলিশ। ভূমি থেকে অন্তরীক্ষ। সব জায়গা থেকে নজরদারি চালানো হবে। এবারও জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে কয়েক লক্ষ ভক্তের আগমনের আশা করছে প্রশাসন। সেই উপলক্ষ্যে এখন তৎপরতা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্লুপ্রিন্ট প্রকাশ করা হয়েছে। এবার ড্রোনেও নজরদারি চালানো হবে। থাকছে ড্রোন প্রতিরোধী ব্যবস্থাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশ মেরিটাইম স্টেশন যৌথভাবে টহল দেবে। এছাড়া পুণ্যার্থীদের জন্য থাকছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। রথযাত্রা যাতে মসৃণভাবে সম্পন্ন হয় তার জন্য সিআরপিএফ, বিএসএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), উপকূলরক্ষী বাহিনী এবং অন্যান্য সংস্থার সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন ওড়িশা পুলিশের ডিজি ওয়াই বি খুরানা। মূলত ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। কৌশলগত স্থানে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), এনএসজি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন ডিজি। ছবি সমাজমাধ্যম সূত্রে প্রাপ্ত