রাঁচি, ৯ জুলাই: প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়ার পর নিশ্চিন্তে হোস্টেলের ঘরে ঘুমাতে গিয়েছিল ওরা। কিন্তু সেই ঘুমই কাল হলো ১২ বছরের বর্ষা ওরাওঁ- এর। হোস্টেলের ঘরে ঢুকে পড়ে সাপ। আর সেই বিষধরের ছোবলে চিরনিদ্রায় চলে গেল বেসরকারি আবাসিক স্কুলের এই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারডাগা জেলার কুরু থানা এলাকার রোচো মাহুয়াটোলির সানভাসিরা উচ্চ মাধ্যমিক আবাসিক স্কুলে। শুধু বর্ষাই নয় সাপের ছোবল থেকে রেহাই মেলেনি আরো তিন পড়ুয়ার। সাপের কামড় খাওয়া বাকি তিন ছাত্রীর দুজনের লোহারডাগা সদর হাসপাতালে চিকিৎসা চলছে। আরো এক ছাত্রীকে আশঙ্কা জনক অবস্থায় রাঁচির রিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলের এক প্রতিনিধি জানায় যে ঘরে বর্ষা ঘুমাচ্ছিল সেখানে মোট সাত জন শুয়েছিল। সাপটি প্রথমে বর্ষাকে কামড়ায়। সে চিৎকার করে উঠলে বাকিরা জেগে ওঠে। ততক্ষণে সাপটি আরও তিনজনকে কামড়ে দিয়েছিল। মৃত ছাত্রীর বাড়ি নেহা থানা এলাকার আলাউদিতে। কিন্তু প্রশ্ন উঠছে যে ঘরে ছাত্রীরা থাকে সেখানে সাপ ঢুকলো কি করে। এই ঘটনায় এই আবাসিক স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।