• পদ্মাপারের রহস্যময় চরিত্র ‘সুবোধ’ এবার সিকিমের দেওয়ালেও! তিস্তা-কাঁটাতার নিয়ে রাজনৈতিক বার্তা
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলাদেশের রহস্যময় চরিত্র ‘সুবোধ’ এবার ভারতে! বাংলার প্রতিবেশী রাজ্য সিকিমের দেওয়ালে! একসপ্তাহ আগে গ্যাংটক-রংপো রোডের এক দেওয়ালে ফুটে উঠেছে রহস্যময় ‘সুবোধ’। দেওয়ালের চিত্রপটে দেখা যাচ্ছে, সুবোধের লম্বা আলুথালু চুল। সে শুয়ে আছে ‘হ্যামকে’। যার দু-প্রান্ত কাঁটাতারের বেড়ার সঙ্গে জড়ানো। হ্যামকের নীচে নুড়ি-পাথর বিছানো তিস্তা নদী। ফাঁকা বালতি। ‘সুবোধের’ একহাত ঝুলছে। আরেক হাতে কাঁটাতারের বেড়া কাটার হাতিয়ার। নীচে লেখা—‘হবে নাকি’। এনিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিকিম পুলিশ। তাদের সন্দেহ, ওই সুবোধ আসলে বাংলাদেশি ছাত্র। 

    উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলির মধ্যে সিকিম অন্যতম। শিলিগুড়ি করিডরের পাশেই এই রাজ্য। শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে সিকিমির প্রবেশ পথ রংপোর মাঝিতার নালা ব্রিজেরে কাছে রহস্যময় ‘সুবোধে’র ছবির দেখা মিলেছে। গত ৩০ জুন ছবিটির দেখা মেলে। সিকিম পুলিশ জানিয়েছে, ওই ছবি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ছবিটি এঁকেছেন একজন ছাত্র। সিকিম-মণিপাল ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। তাঁর বাড়ি বাংলাদেশে। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় তিনি বাংলাদেশে ফিরে গিয়েছেন। বিশ্ববিদ্যালয় খোলার পর ওই ছাত্রের সঙ্গে কথা বলা হবে। এছাড়া ওই ছবিটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখা হচ্ছে। 

    পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। কয়েকবছর আগে থেকে সে-দেশের বিভিন্ন দেওয়ালে দেখা মিলছে রহস্যময় চরিত্র সুবোধের। খাঁচাবন্দি সূর্য, আবার কখনো তিনি জেলের কড়া ধরে টানছেন। দেওয়ালে লেখা—‘সুবোধ তুই পালিয়ে যা। এখন সময় পক্ষে না।’ অথবা, ‘সুবোধ তুই পালিয়ে যা। তোর ভাগ্যে কিছু নেই।’ প্রতিটি ছবির নীচে একই সিগনেচার—হবে কি? কিন্তু, এই রহস্যময় চরিত্র কে? বাংলাদেশ সরকার তার কিনারা করতে পারেনি। 

    এবার সেই রহস্যময় চরিত্রর দেখা মিলল সিকিমের দেওয়ালে। এবারের দৃশ্যপট কিছুটা অন্যরকম। বিভিন্ন মহলের ধারণা, তিস্তা নদী, কাঁটাতারের বেড়া ও দুই বাংলার সম্পর্ক নিয়ে কোনো রাজনৈতিক বার্তা দিতেই ওই দেওয়াল চিত্র আঁকা হয়েছে। কিন্তু এর নেপথ্যে কে? সিকিম পুলিশের সন্দেহ, ওই রহস্যময় চরিত্রের নেপথ্যে বাংলাদেশি ছাত্রই। 

     
  • Link to this news (বর্তমান)