শীতলকুচিতে মীনাক্ষীকে ডিম নিক্ষেপ, হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, শীতলকুচি: সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে শীতলকুচিতে ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদে এবার কোচবিহারের গ্রাম থেকে শহর সর্বত্র মিছিল করবে সিপিএম। একইসঙ্গে বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ হয়েছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার শীতলকুচিতে মীনাক্ষীর গাড়িতে ডিম থেরাপির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল, মালেকুল মিয়াঁ ও জয়দেব বৈষ্ণব।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ হয়েছে। এই ধরনের ঘটনায় অনেকেই পালিয়ে যান। কিন্তু মীনাক্ষী পালাননি। তিনি শীতলকুচি থেকে কোচবিহারে এসে ডিএসপি’র সঙ্গে কথা বলেছেন। ঘটনায় জড়িত সন্দেহে দু’জন গ্রেপ্তার হয়েছে। আমরা চাই, দোষী সকলকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ করুক প্রশাসন।
এদিকে, ডিম-কাণ্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন মিনাক্ষীর আইনজীবী অভিষেক হালদার। ঘটনায় হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি আইনজীবীর। বিচারপতি ভট্টাচার্য তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। জানিয়েছেন, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়ম মেনেই এই মামলার শুনানি হবে।
সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায়ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের ওপর ডিম হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। ওই ঘটনার প্রতিবাদে সিপিএম কোচবিহারের গ্রাম থেকে শহর সর্বত্র প্রতিবাদ মিছিল করবে। এদিকে, বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানান, ডিম ছোড়া একেবারেই বাংলার সংস্কৃতি নয়। মহিলা, পুরুষ কারও ক্ষেত্রেই এমনটা করা যায় না। অপরাধ করলে পুলিশ গ্রেপ্তার করবে। আইনের মাধ্যমে তার সাজা হবে। এটাই স্বাভাবিক।
মঙ্গলবারের ওই ঘটনায় গোটা রাজ্যে হইচই পড়ে যায়। একজন সিপিএম নেত্রীকে লক্ষ্য করে তাঁর গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা হয়। বিজেপির পক্ষ থেকেও এই ধরনের ঘটনা কাম্য নয় বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, রবিবার শীতলকুচির চানঘাটে খুটামারা নদীতে সিপিএম কর্মী মন্টু মিয়াঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় খুনের অভিযোগ তোলে তাঁর পরিবার। মঙ্গলবার সকালে নগর সিঙিমারি গ্রামে মৃত সিপিএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন মীনাক্ষী। ফেরার পথে শীতলকুচি চৌপথিতে তাঁর গাড়ি লক্ষ্য শুরু হয় ডিম বৃষ্টি। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। যদিও বিজেপি ঘটনার দায় অস্বীকার করলেও ধৃত জয়দেব বৈষ্ণব বিজেপি সমর্থক বলেই জানা গিয়েছে।
• মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ছোড়া হচ্ছে ডিম। - ফাইল চিত্র।