• হালকা থেকে মাঝারি বৃষ্টি  দুই দিনাজপুরে
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, বালুরঘাট: ধাপে ধাপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় বিন্দুমাত্র লক্ষণ নেই গরম কমার। দক্ষিণ দিনাজপুর জেলায় বিকেলে মুষলধারে বৃষ্টি নামে। ফলে বিভিন্ন জায়গায় জল জমে যায়। রায়গঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় আমন ধান, পাট চাষে এর ইতিবাচক প্রভাব পড়েছে বলে অনুমান উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তরের। তাদের বক্তব্য, মরশুমের এই বৃষ্টি আমন চাষে যথেষ্ট প্রয়োজন। এখন পাট ওঠারও সময়। ফলে জলের প্রয়োজন আছে। এই বৃষ্টি গ্রাম্য জলাশয়গুলিকে পুষ্ট করে। যাঁরা বর্ষার মরশুমে উঁচু জমিতে ঢেড়শ, পটল, লংকার মতো সবজি চাষ করে, তাঁদের জন্যও এই বৃষ্টি ইতিবাচক। 

    সিকিম আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুব ভারী বৃষ্টি না হলেও ধাপে ধাপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী এক সপ্তাহেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে, এই বৃষ্টির জন্য রায়গঞ্জ শহরের বেশকিছু রাস্তায় জলকাদার সমস্যা হয়েছে। বুধবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে বালুরঘাটে। সকাল এগারোটা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। দুপুরে বৃষ্টি না হলেও বিকেলে ঘণ্টাখানেক ধরে মুষলধারে বৃষ্টি হয় বালুরঘাট সহ আশপাশের অঞ্চল গুলিতে। যার ফলে অনেক জায়গাতেই জল জমে গিয়েছে। বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র জানিয়েছে, বুধবার গোটা জেলা জুড়ে ৬৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
  • Link to this news (বর্তমান)