• স্বজনপোষণের অভিযোগ, পদত্যাগ ফুলবাড়ি-১ পঞ্চায়েতের প্রধানের
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: স্বজনপোষণ, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই ফুলবাড়ি-১ পঞ্চায়েতের প্রধান সুনীতা রায় চক্রবর্তী পদত্যাগ করলেন। বিজেপির বিক্ষোভের এক মাস পর তাঁর এই পদত্যাগকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

    রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ১ জুন দলের ফুলবাড়ি মণ্ডল কমিটি পঞ্চায়েত অফিস ঘেরাও করে প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিল। পাশাপাশি বিভিন্ন কাজের হিসাব প্রকাশ, অভিযোগের জবাব দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিল। 

    বুধবার রাজগঞ্জ বিডিও অফিসে গিয়ে বিডিও’র হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন সুনীতা রায় চক্রবর্তী। তিনি দাবি করেন, ব্যক্তিগত কারণ ও সমস্যার জন্যই পদত্যাগ করেছি। এর পিছনে কোন। রাজনৈতিক কারণ নেই। বর্ষার সময় প্রধানের পদত্যাগে সাধারণ মানুষের সমস্যা বাড়বে কি না, সেই প্রশ্নের উত্তরে বলেন, সব ব্যবস্থা রয়েছে। কারও অসুবিধা হবে না। 

    অন্যদিকে, তৃণমূলের জেলা বা ব্লক নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চায়নি। তবে রাজগঞ্জ ব্লকের কয়েকজন তৃণমূলী পঞ্চায়েত প্রধান জানান, তাঁরা সৎভাবে কাজ করেছেন। তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। 

    বিজেপির দাবি, সুনীতা রায় চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা একাধিক আর্থিক দুর্নীতি, স্বজনপোষণ ও কাটমানির অভিযোগের জেরেই এই পদত্যাগ। অভিযোগ করা হয়েছে, অম্বিকানগরে কমিউনিটি টয়লেট নির্মাণের নামে লক্ষাধিক টাকা খরচ দেখানো হলেও বাস্তবে কাজ হয়নি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত বিল দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়েছে। 

    বিজেপির আরও অভিযোগ, প্রধানের দায়িত্বে থাকলেও পঞ্চায়েতের অধিকাংশ প্রশাসনিক কাজ পরিচালনা করতেন তাঁর স্বামী। প্রধানের সঙ্গে যোগাযোগ করতে গেলে প্রায় সময়ই তাঁকে পাওয়া যেত না। তাদের তোলা অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি তদন্ত হয়নি। সুনীতা রায় চক্রবর্তীও সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
  • Link to this news (বর্তমান)