• ওড়িশা থেকে ক্লোরিন না আসায় পানীয় জল সরবরাহে সমস্যা
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার সকালে পুরাতন মালদহ শহরে ফের পানীয় জল মিলল না। পুরসভার ৪, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জল আসেনি বলে অভিযোগ শহরবাসীর। কয়েকদিন আগেও শহরের বেশকিছু অংশে পানীয় জল মেলেনি। নিয়মিত পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ ওয়ার্ডের বাসিন্দারা। অসন্তুষ্ট খোদ পুরসভার কাউন্সিলাররাও। 

    ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মার বক্তব্য, জল পরিস্রুত করার জন্য পর্যাপ্ত ক্লোরিন আসে ওড়িশা থেকে। সেখানকার একটি সংস্থা আমাদের পুরসভায় তা সরবরাহ করে। ক্লোরিন কেনা নিয়ে পুরসভায় ফিনান্স অফিসার সই করতে প্রথমে গড়িমসি করেছেন। পরে অবশ্য সই করেছেন। আজ, ক্লোরিন আসার কথা। আগামী দিনে পানীয় জলের সমস্যা হবে বলে না দাবি পুরসভা কর্তৃপক্ষের। পুরসভার ফিনান্স অফিসার অমিত কুমার বলেন, ক্লোরিন নিয়ে সমস্যা ছিল। মিটে গিয়েছে। বাসিন্দাদের আশ্বস্ত করেছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্যাম মণ্ডলও।

    কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মার অভিযোগ, নতুন রাজ্য সরকার আসার পর থেকে নানা সমস্যা তৈরি হয়েছে। এদিন অনেকেই জল পায়নি।  

    পুরাতন মালদহ শহরের জলপ্রকল্পটি রয়েছে মহানন্দা নদীর ধারে। পুরসভা সূত্রে খবর, ক্লোরিন, ব্লিচিং দিয়ে নদীর জল পরিস্রুত করে পুরসভার ২০ টি ওয়ার্ডে দিনে দু’বেলা সরবরাহ করা হয়। ক্লোরিনের ঘাটতি থাকায় জল পরিস্রুত করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। ফলে জল সরসরাহে সমস্যা হচ্ছে। শহরের বাসিন্দা নিশিকান্ত পান্ডে বলে, এদিন অনেকেই জল পায়নি। মাঝে মাঝে জল আসছে না। বিষয়টি পুরসভার দেখা উচিত। পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, আগে পানীয় জলের সমস্যা ছিল না। ক্লোরিনের ঘাটতির জন্য এই সমস্যা। পরে পিএইচই’র থেকে ক্লোরিন নিতে হয়েছে। ক্লোরিন নিয়ে আসার জন্য ফিনান্স অফিসার সহ অন্য আধিকারিকদের বলেছি। চলে আসবে। এলেই সমস্যা মিটে যাবে। 
  • Link to this news (বর্তমান)