সংবাদদাতা, উলুবেড়িয়া: দ্বীপাঞ্চল কুলিয়ায় মুণ্ডেশ্বরী নদীর উপরে থাকা বাঁশের সেতু ভেঙে গিয়েছিল রবিবার দুপুরে। প্রশাসনের পক্ষ থেকে নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত না থাকায় একটা নৌকাতেই অনেকে উঠে যাচ্ছে। ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও প্রশাসন সূত্রে খবর, একটি নৌকায় বেশি লোক ওঠা আটকাতে পুলিশি নজরদারি চালানো হচ্ছে।
হাওড়া জেলার দ্বীপাঞ্চল ভাটোরা, ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য মুণ্ডেশ্বরী নদীর উপরে একটি বাঁশের সেতু আছে। পাশাপাশি একটি পাকা সেতুও তৈরি হচ্ছে। তবে পাকা সেতু এখনও সম্পূর্ণ না হওয়ায় বাঁশের সেতুই নদী পারাপারে একমাত্র ভরসা দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। কিন্তু নদীতে পানার চাপে সেই সেতুর মাঝের অংশ রবিবার দুপুরে বসে যায়। ফলে সেতুর উপর দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দু’টি নৌকায় নদী পারাপারের ব্যবস্থা করা হয়। ঠিক হয়, বিপদ এড়াতে প্রতিটি নৌকায় ২৫ জনের বেশি লোক তোলা হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রশাসনের সেই নির্দেশ অমান্য করেই বেশি সংখ্যক লোক নৌকায় নদী পারাপার করছে। ফলে বিপদের আশঙ্কা থাকছে। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের বক্তব্য, দ্রুত বাঁশের সেতু মেরামত করে দেওয়া হোক। আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। যতদিন সমস্যা না মিটছে ততদিন নৌকার সংখ্যা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি একটি নৌকায় যাতে বেশি লোক না ওঠে, সেই ব্যাপারটিও পুলিশ প্রশাসনকে দেখতে বলা হয়েছে। নিজস্ব চিত্র