আইএস নেটওয়ার্ক ভাঙতে বাংলা সহ একাধিক রাজ্যে এনআইএর তল্লাশি
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেহাদি কার্যকলাপের মাধ্যমে ভারতে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্রিয় জঙ্গি সংগঠন আইএস। অনলাইনে যুবকদের মগজ ধোলাই করে চলছে নিয়োগ। এই মামলার তদন্তে বুধবার পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাতসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল এনআইএ। সব মিলিয়ে ২০টি স্থানে তল্লাশি হয়েছে বলে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি।
মার্চ মাসে বিজওয়াড়া পুলিশ আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে মূল অভিযুক্ত রেহামাতুল্লার বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে জঙ্গি সংগঠনের আইএসের একাধিক নথি উদ্ধার হয়। সেগুলি ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়াই আইএসের লক্ষ্য। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে চায় তারা। পরে এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। উদ্ধার হওয়া বিভিন্ন ডিজিটাল ডিভাইস ঘেঁটে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি জানতে পারে, অনলাইন প্ল্যাটফর্মে জেহাদি নিয়োগ হচ্ছে। ব্যাপক মগজ ধোলাই চলছে সেখানে। একাধিক যুবক ইতিমধ্যেই আইএসে নাম লিখিয়েছেন। সেখানে দিল্লি, গুজরাত, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের নাম জড়িয়ে গিয়েছে এই কাণ্ডে। অভিযোগ, বাংলারও বহু যুবক আইএসে ভিড়েছেন! তার ভিত্তিতে এদিন এনআইএ ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে বলে খবর।