• জাতীয় ও রাজ্য সড়কে চলাচল বন্ধ, প্রতিবাদে সমাবেশ অটো-টোটোর
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করার  নির্দেশ কার্যকর করতে নেমেছে রাজ্য প্রশাসন। তার ফলে জীবিকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে টোটো ও অটোচালকদের। রাজ্যের ওই নির্দেশের প্রতিবাদে বুধবার বারাসতের প্রায় সব রুটের টোটো ও অটোচালকরা টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে সমাবেশ করলেন। ভারতীয় মজদুর সংঘের ব্যানারে আয়োজিত সভা থেকে সরকারের সঙ্গে সংঘাতে না যাওয়ার আবেদন করা হয়। পাশাপাশি প্রশাসনের কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনার অনুরোধ করা হয়।

    কয়েকদিন আগেই বারাসত রবীন্দ্রভবনে টোটোচালকদের নিয়ে বৈঠক করেছিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। সেখানে জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশিকা দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে, ব্যস্ত জাতীয় ও রাজ্য সড়কে বেপরোয়া টোটো চলাচলের কারণে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ থাকলেও এতদিন তা কার্যকর হয়নি। এবার সেই নির্দেশ বাস্তবায়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশও সেই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।

    এদিকে, চালকদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে এক ধাক্কায় এই নির্দেশ কার্যকর হলে হাজার হাজার পরিবারের রুটিরুজিতে টান পড়বে। বারাসত শহরের ১২ নম্বর জাতীয় সড়কের দু’ধারে একাধিক স্কুল রয়েছে। পাশাপাশি প্রশাসনিক দপ্তর থেকে বারাসত রেল স্টেশনে যেতে হলে ওই জাতীয় সড়কের উপর দিয়েই চলাচল করতে হয়। টোটোচালক ঋজু দত্ত ও সুভাষ মাইতির কথায়, আমরা সরকারের বিরুদ্ধে সংঘাতে যেতে চাই না। শুধু চাই সরকার ও প্রশাসন আমাদের রুটিরুজির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করুক।

    এনিয়ে বারাসতের ডিএসপি (ট্রাফিক) নীহাররঞ্জন রায় বলেন, রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করা হচ্ছে। সেই নির্দেশ ইতিমধ্যেই টোটোচালকদের জানানো হয়েছে। এদিকে, টোটোর বৈধ নথির দাবিতে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। তাঁদের দাবি, অবিলম্বে টোটোর কাগজপত্র দিতে হবে। না হলে টোটোর জন্য নেওয়া টাকা ফেরত দিতে হবে। বুধবার বিকালে প্রায় শতাধিক টোটো চালক প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান।
  • Link to this news (বর্তমান)