• এবছর তৃণমূলের ক্যাম্প নয়, ২১ জুলাই বইমেলা চত্বরে রথযাত্রার উৎসব!
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দলে দলে বাস থেকে নামছেন কর্মীরা। এক হাতে পতাকা, অন্য হাতে ব্যাগ। কাকভোরে ঢুকেছে ট্রেন। কেউ এসেছেন দার্জিলিং থেকে, কেউ এসেছেন জলপাইগুড়ি কিংবা দিনাজপুর, মালদহ থেকে। একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের এতদিন ঠাঁই হত সল্টলেকের বইমেলা প্রাঙ্গণের ক্যাম্পে। তবে, পালাবদলের পর এই চেনা ছবি এবার অতীত হতে চলেছে। কারণ, তৃণমূলের সরকার আর নেই। যিনি ছিলেন সল্টলেক ক্যাম্পের মূল আয়োজক, সেই সুজিত বসু এখন জেলে। দু’সপ্তাহ আগেই ক্যাম্প, হ্যাঙ্গার তৈরি হয়ে যেত। এবারও তৈরি হচ্ছে। তবে, ২১ জুলাইয়ের জন্য নয়। সেখানে বসবে রথের মেলা। মিলবে গরম গরম জিলিপি, পাঁপড়। পসরা সাজিয়ে বসবেন দোকানিরা। বসবে নাগরদোলাও। মেলা বলে কথা!

    প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবসের একদিন আগেই শহরে চলে আসতেন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ প্রভৃতি জেলার তৃণমূল কর্মীরা। বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠত এক টুকরো ‘উত্তরবঙ্গ’। প্রায় ৫০ হাজার কর্মীর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হত। পৃথক খাবারের জায়গা, মেডিক্যাল ক্যাম্প, অনুসন্ধান কেন্দ্র থেকে শৌচালয়— কী না হত! যেন রাজসূয় যজ্ঞ! ২১ জুলাই সকালে এই কর্মীদের শিয়ালদহে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হত বাসের। সেখান থেকে তাঁরা মিছিল করে সভায় যেতেন। প্রচুর বাসের ব্যবস্থা থাকত। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুই এই ক্যাম্পের দায়িত্বে থাকতেন। দেখভাল করতেন বিধাননগর পুরসভার মেয়র থেকে কাউন্সিলাররা। অন্যান্য মন্ত্রী কোনো না কোনো সময়ে এসে ব্যবস্থাপনা দেখে যেতেন।

    এখন তৃণমূলের সরকার নেই। বিধাননগর পুরসভায় বোর্ডও নেই তৃণমূলের। এখন পুরসভায় প্রশাসক বসিয়েছে বিজেপি সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। তাই সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণ থেকেও নেই! এখন পুরোদমে তৈরি হচ্ছে রথের মেলার জন্য স্টল। ছোটোদের জন্য নাগরদোলা সহ নানা ধরনের অ্যাক্টিভিটি এবং খেলার জিনিসপত্র বসছে। এখন শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। প্রাঙ্গণের প্রবেশপথে সুন্দর করে আঁকা হয়েছে রঙিন আলপনা। মেলা প্রাঙ্গণের ভিতর এক ব্যক্তি বলেন, এর আগেও রথের মেলা হত। তবে ছোটো করে হত। ওই মেলা ২১ জুলাইয়ের আগেই শেষ হয়ে যেত। তবে, এবার মেলার বহর বড়ো। সম্ভবত আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে এই মেলা। চলবে টানা ৩ আগস্ট পর্যন্ত। ফলে, এই মাঠে ২১ জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কর্মীদের ক্যাম্প এবার অতীত!
  • Link to this news (বর্তমান)