• সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি, হাওড়া থেকে বর্ধমান, জেলায় জেলায় হানা
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ED। হাওড়া, হুগলি, নদিয়া, দুর্গাপুর-সহ একাধিক জায়গায় বৃহস্পতিবার চলছে তল্লাশি। সূত্রের খবর, চিটফান্ড মামলায় এই অভিযান চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই মামলায় প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ সামনে এসেছে। বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে।

    এ দিন সকালে কালীনারায়ণপুরে পাঁচ ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। এলাকার লোকজন জানান, ব্যবসায়ী শুভ্রকান্তি নাগের বাড়িতে যায় ইডি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীনারায়ণপুর এলাকায় ওই ব্যবসায়ীর ২টি বাড়ি এবং স্টেশন সংলগ্ন এলাকায় একটি অফিস রয়েছে। অভিযানের সময় বাড়ি ফাঁকাই ছিল। প্রায় দেড় বছর আগে থেকেই শুভ্রকান্তি নাগ পলাতক বলে জানা গিয়েছে। শেয়ার বাজারে লগ্নির নামে তিনি কোটি কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ।

    পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্ডালেও ইডির হানা। অন্ডাল স্টেশন সংলগ্ন বাসকা এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে তল্লাশিতে আসেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, খড়্গপুরে একটি চিটফান্ড কোম্পানি ছিল। এই সংস্থা বাজার থেকে প্রচুর টাকা তুলেছিল। সেই মামলায় এ দিন হুগলি জেলার পল্টু বড়াল-সহ অন্ডালের বাসকা এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে তল্লাশিতে আসে ইডি। রামের বাবা ইসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মী।

    এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ হুগলির শেওড়াফুলিতে হানা দেয় ইডি। স্থানীয় বাসিন্দারা জানান, পল্টু বড়ালের বাড়িতে ইডি তল্লাশি চালায়। এলাকার লোকজন জানান, এই বাড়ির একজন খড়্গপুরে চিটফান্ড সংস্থা চালাত বলে জানেন তাঁরা। তবে এ দিন ইডি কেন এসেছে জানেন না তাঁরা।

    হাওড়ার ৪/১ কুচিল সরকার লেনে একটি আবাসনে হানা দেয় ইডি। এলাকার লোকজনের দাবি, ওই আবাসনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় তারা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি ভুয়ো সংস্থা তৈরি করে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগের তদন্তেই এই অভিযান চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)