বারুইপুরে এনকাউন্টারের ঘটনার তদন্তভার দেওয়া হলো সিআইডিকে। মঙ্গলবার রাতে পুলিশের এনকাউন্টারে নিহত হয় প্রভাস মণ্ডল। সেই রাতে প্রভাসকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানোর কথা ছিল পুলিশের। তাদের দাবি, তার আগেই এক পুলিশ আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস এবং পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। আহত প্রভাসকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিআইডি তদন্ত করে দেখবে, সেই রাতে কী ঘটেছিল, যে কারণে গুলি চালাতে পুলিশ বাধ্য হয়। সূত্রের খবর, বৃহস্পতিবারই বারুইপুরে ওই ঘটনাস্থলে যেতে পারে সিআইডি টিম। অন্যদিকে বারুইপুরে ধর্ষণ-খুনের মূল মামলার তদন্ত করবে জেলা পুলিশই।