তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় বৃহস্পতিবার বেশ কিছু অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ দিন বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, হাইকোর্টের নিয়োগ করে দেওয়া স্পেশাল অফিসারের নজরদারিতে আপাতত (temporarily) ওই তিন অ্যাকাউন্ট থেকে প্রতিদিনের কাজের খরচের জন্য টাকা তোলা যাবে। আইনি খরচও নিতে পারবে তারা। তবে এর বাইরে আর কোনও খরচ করা যাবে না।
আদালতের নির্দেশ, তিনটে ফ্রিজ় অ্যাকাউন্ট থেকে দলের প্রকৃত ব্যবহারকারীরা চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তার জন্য স্পেশাল অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করছে আদালত। তৃণমূলের কোন অংশ ‘আসল তৃণমূল’, সেই বিচার কোর্ট করছে না। তিনটে অ্যাকাউন্টের জন্য দু’জন সই করবেন এবং স্পেশাল অফিসার তাতে সই করে দিলে ব্যাঙ্ক টাকা দেবে। প্রতিদিনের খরচের জন্য টাকা তোলা যাবে। একটা দলকে চালাতে গেলে রোজ যে টাকা দরকার হয়, সেটাই তোলা যাবে বলে নির্দেশ দিল হাইকোর্ট। আইনি খরচও নিতে পারবে এখান থেকে।
আদালতের নির্দেশ, ব্যাঙ্ককে যাবতীয় নথি, তথ্য সংরক্ষণ করতে হবে। পুলিশকে আগামী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে।
কারা আসল তৃণমূল, কারা আসল নয়, ইতিমধ্যেই তা নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থীদের মধ্যে তুমুল আকচাআকচি চলছে। আসল, নকলের বিচারে কোর্ট যায়নি। তবে বিচারপতি স্পষ্ট করে দেন, কারা প্রকৃত তৃণমূল তা নিয়ে নির্বাচন কমিশন আগামিদিনে সিদ্ধান্ত নিলে, তা হাইকোর্টকেও জানাতে হবে। তার পরেই এই অন্তর্বর্তী নির্দেশ তোলার ব্যাপারে পদক্ষেপ নিয়ে বিবেচনা করা হবে। ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
সবিস্তার আসছে