শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার-সহ নিখোঁজ ১৬ মৎস্যজীবী, একই পরিবারের ৩ ভাইকে ঘিরে উৎকণ্ঠা
News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার-সহ নিখোঁজ হয়েছেন ১৬ জন মৎস্যজীবী। তাঁদের মধ্যে রয়েছেন ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের উলুদা গ্রামের একই পরিবারের তিন ভাই— রবীন্দ্র মাঝি, জয়রাম মাঝি এবং জগন্নাথ মাঝি। দীর্ঘদিন ধরে তাঁরা শঙ্করপুরে মৎস্যজীবী হিসেবে কাজ করছিলেন।
ঘটনার পর থেকেই তিন ভাইয়ের গ্রামের বাড়িতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার তাঁরা সমুদ্রে মাছ ধরতে রওনা দেন। যাত্রার পর মাত্র একবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তাঁদের। পরে ট্রলার মালিকের পক্ষ থেকে জানানো হয়, মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। কিন্তু তারপর থেকে আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
দীর্ঘ সময় কেটে গেলেও নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। বিশেষ করে একই পরিবারের তিন ভাইয়ের কোনও খোঁজ না পাওয়ায় তাঁদের স্বজনেরা গভীর মানসিক উদ্বেগে রয়েছেন।
রবীন্দ্র, জয়রাম ও জগন্নাথকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে ওড়িশার ওই পরিবার। পাশাপাশি, নিখোঁজ বাকি মৎস্যজীবীদেরও দ্রুত খুঁজে বের করে উদ্ধারের দাবিতে আবেদন জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
ইতিমধ্যে গভীর নিম্ন চাপের জেরে রাত থেকেই মাইকিং শুরু হয়েছে উপকূল এলাকায়। খবর পাঠানো হয়েছে সমুদ্রে আটকে থাকা মৎস্যজীবীদেরও। জানা গিয়েছে, রামনগরের জলধা সেতুর অদূরে আচমকাই ট্রলারটির জিপিএস ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের সন্ধানে রাতভর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড। উপকূলবর্তী সমস্ত থানা ও মেরিন ফিসারি দফতরকে সতর্ক করা হয়েছে।