• বাসন্তী হাইওয়েতে বাসের রেষারেষি, ঘোষপুরে ভয়াবহ সংঘর্ষে আহত ১২
    News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
  • বাসন্তী হাইওয়েতে বাসের রেষারেষি, ঘোষপুরে ভয়াবহ সংঘর্ষে আহত ১২। সাত সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘোষপুর এলাকায় বাসন্তী হাইওয়েতে দুই যাত্রিবাহী বাসের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, মালঞ্চ-শ্যামবাজারগামী একটি বাস ঘোষপুর বাজারে যাত্রী তুলছিল। সেই সময় পিছন দিক থেকে মালঞ্চ-বি গার্ডেনগামী আরেকটি বাস দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক যাত্রী বাসের ভিতরে ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। আহতদের দ্রুত বাস থেকে বের করে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’টি বাসের মধ্যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নলমুড়ি হাসপাতাল সহ নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টি সরিয়ে ফেলার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এলাকাবাসীর অভিযোগ, বাসন্তী হাইওয়েতে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা এবং বাসের রেষারেষির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই ভবিষ্যতে এমন ঘটনা রুখতে নিয়মিত নজরদারি, কড়া ট্রাফিক ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয়েরা।
  • Link to this news (News18 বাংলা)