শেয়ারের টোপ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ! কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল চিটফান্ড কর্তার বাড়ি
News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
: নদিয়ার কালীনারায়ণপুরে বৃহস্পতিবার সকালেই চিটফান্ড সংক্রান্ত তদন্তে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাঁচজন ইডি আধিকারিক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে অংশ নেন। তাঁদের লক্ষ্য ছিল অভিযুক্ত ব্যবসায়ী শুভ্র কান্তি নাগের বাড়ি ও সংশ্লিষ্ট সম্পত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীনারায়ণপুর এলাকায় শুভ্র কান্তি নাগের দুটি বাড়ি এবং স্টেশন সংলগ্ন এলাকায় একটি অফিস রয়েছে। তবে অভিযানের সময় বাড়িটি ফাঁকাই ছিল।
প্রায় দেড় বছর আগে থেকেই শুভ্র কান্তি নাগ পলাতক বলে জানা গেছে। অভিযোগ, ‘প্রফিট অ্যাক্সিস’ (Profit Axis) সহ একাধিক সংস্থার নামে শেয়ার বাজারে লগ্নির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এর আগেই প্রশাসনের পক্ষ থেকে ‘প্রফিট অ্যাক্সিস’-এর অফিসে সিল করে দেওয়া হয়। এদিন ইডি আধিকারিকরা ফাঁকা বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বা তদন্তে সহায়ক তথ্যের সন্ধান করেন। এই অভিযানের মাধ্যমে আর্থিক লেনদেন ও প্রতারণার অভিযোগের তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে তদন্তকারী সংস্থার সূত্রে ইঙ্গিত মিলেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই একদল ইডি আধিকারিকেরা অতর্কিত হানা দেন নবদ্বীপের এক সুপারি ব্যবসায়ী বাড়িতে। সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বেশকিছু গয়না এবং কিছু নগদ অর্থ পাওয়া যায় বলে জানা গিয়েছিল সূত্র মারফত। এর পরেই কয়েকদিনের মধ্যেই আবারও জেলায় অন্যত্র ইডির হানা! স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ অত্যন্ত ভাল। অসৎ ব্যবসায়ীদের পর্দা ফাঁস হবে এবং তার পাশাপাশি মজুত করা কালো টাকা সরকারের কোষাগারে জমা হবে। যার ফলে ভবিষ্যতে এই ধরনের কালোবাজারি কিংবা কালো টাকা বাড়িতে মজুত করে রাখতে অনেকেই ভয় পাবেন।