• ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, হাওড়ায় সংস্থার ডিরেক্টর-সহ ৬ জন ধৃত
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • ২৫ মাসে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি ভুয়ো লগ্নি সংস্থার তিন ডিরেক্টর-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, তাঁর মা নমিতা কাঞ্জিলাল, স্ত্রী সুদ্রিশা কাঞ্জিলাল এবং তিন কর্মী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পাল। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের ডিসিপি রাহুল মিশ্র জানান, তদন্ত চলছে। আরও লোক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। এমনটাই জানা গিয়েছে প্রাথমিক ভাবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলিলিয়াস রোডের এক বাসিন্দা ব্যাটরা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই তদন্ত করে এই গ্রেপ্তারি। অভিযোগ, ২০২৪ সালের মে মাসে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের প্রলোভন দেখান যে, ২৫ মাসের মধ্যে তাঁদের লগ্নি করা অর্থ দ্বিগুণ হয়ে যাবে। এই প্রলোভন দেখিয়ে মোট ১৩ লক্ষ টাকাও নেওয়া হয়। তার পরে শুরুর দিকে কিছু অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হলেও, পরে তা বন্ধ করে দেওয়া হয়।

    তদন্তে পুলিশ জানতে পেরেছে, লগ্নি সংস্থাটি কার্যত চিটফান্ডের মতো করেই পরিচালিত হচ্ছিল। ইতিমধ্যেই হাওড়ার ব্যাটরা, শিবপুর, চ্যাটার্জিহাট, বি-গার্ডেন এবং কলকাতার হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় সংস্থার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি, বিভিন্ন মামলায় এখনও পর্যন্ত ১৬ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে। শুধু হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা-সহ একাধিক জায়গা থেকে টাকা তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার সঙ্গে জড়িত আরও ব্যক্তি, সংস্থার আর্থিক লেনদেন এবং প্রতারিত বিনিয়োগকারীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে আরও গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

  • Link to this news (এই সময়)