• পুর নিয়োগ মামলায় ইডির চার্জশিটে নাম সুজিত বসু, সমুদ্র বসুর, কোটি কোটি টাকা তোলার অভিযোগ
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • পুর নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। সেই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি নাম রয়েছে তাঁর ছেলে সমুদ্র বসুরও। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিতের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের উল্লেখ রয়েছে সেখানে বলেই সূত্রের খবর।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরসভায় নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট জালিয়াতির নেপথ্যে প্রধান ভূমিকা ছিল অয়ন শীলের। তাঁকে জিজ্ঞাসাবাদে একাধিক নাম উঠে আসে। সেই সূত্র ধরে তৎকালীন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যান সুজিত বসু তদন্তকারীদের স্ক্যানারে আসেন।

    এর পরে একাধিক বার নোটিস দেওয়া হয় সুজিতকে। ডাকা হয় তাঁর ছেলে সমুদ্র বসুকেও। তাঁদের একাধিক প্রপার্টিতে তল্লাশি অভিযানও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হন সুজিত। গ্রেপ্তারের দু’মাসের মধ্যেই এই মামলায় ইডির চার্জশিট পেশ।

    সূত্রের খবর, ৩০০ জনের বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন সুজিত। তার মধ্যে ২৫০ জনের বেশি নিয়োগ পান অবৈধ ভাবে। গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ইডির চার্জশিটে সুজিত, সমুদ্রর নাম ছাড়াও প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে।

    ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দপ্তরে ছিলেন জ্যোতিষ্মান। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন।

  • Link to this news (এই সময়)