• সেই 'দাবাং' বিডিও প্রশান্তকে খুঁজছে পুলিশ
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন করে খোলা হল নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের ফাইল। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তৈরি করা হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। 

    জানা গিয়েছে, বিধাননগর পুলিশের ডিসি ডিডি'র নেতৃত্বে ছয় সদস্যের একটি সিট তৈরি করা হয়েছে। এই দলে ডিসি ডিডি ছাড়াও এসিপি ডিডি, আইসি সাইবার-সহ আরও তিনজন পুলিশ আধিকারিক আছেন। বুধবার রাতেই এই ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে গিয়ে সিটের তরফ থেকে ফরেন্সিক তদন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে তদন্তকারীরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। 

    প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল সরকারের আমলে নিউটাউনে খুন হন বিধাননগর দত্তাবাদের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা। এই ঘটনায় নাম উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অভিযোগ, বিডিও'র নেতৃত্বেই তাঁকে খুন করা হয়েছিল। সেইসময় অভিযোগ ওঠে অভিযুক্ত বিডিও প্রভাবশালী হওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। 

    দিনের পর দিন তাঁকে পুলিশ 'খুঁজে' না পেলেও বহাল তবিয়তেই প্রশান্ত নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। তৎকালীন শাসকদলের সঙ্গে তাঁর যোগসাজশের জন্যই তাঁর দিকে পুলিশ হাত বাড়ায়নি বলে অভিযোগ। এমনকী নিজেকে 'দাবাং' বিডিও বলেও পরিচিত করতে কোনও কুন্ঠাবোধ করতেন না প্রশান্ত।

    রাজ্যে পালাবদলের পর নিউটাউন এলাকা থেকেই মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পথচলতি একজন সাধারণ মানুষ প্রশান্তকে ধরে ফেলেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কিন্তু এই ঘটনায় আদালত থেকে জামিন পেয়ে যাওয়ার পর প্রশান্তকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন ওঠে কেন পুরনো মামলায় তাঁকে হেফাজতে নিল না পুলিশ। কিন্তু নতুন করে আবার এই ফাইল খুলে তদন্ত শুরু হওয়ার পর সুবিচার পাওয়ার আশায় বুক বাঁধছে নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার পরিবার।
  • Link to this news (আজকাল)