• বারুইপুর গণপিটুনি: গ্রেপ্তারির সংখ্যা বেড়ে ৩২
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরে নাবালিকা হত্যার প্রতিবাদের নামে চলেছিল ভয়ঙ্কর তাণ্ডব। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবকের। পুলিশ এই গণপিটুনির ঘটনায় ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। 

    গত রবিবার সকালে বারুইপুরের সূর্যপুরে পুকুর থেকে এক কিশোরীর দেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ উদ্ধারের পর জানা যায় নাবালিকাকে ধর্ষণ ও হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে পুলিশি নিষ্ক্রিয়তার। আর তার জেরে প্রতিবাদের নামে কয়েকটি দল রেল অবরোধ, পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং ভাঙচুর চালায়। এর মধ্যেই গণপিটুনিতে প্রাণ হারান ইন্দ্রজিৎ। পুলিশের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাকে জোর করে টেনে এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা ভিত্তিতে গতকাল পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বুধবার রাতভর অভিযান চালায় রাজ্য পুলিশ ও এসটিএফ। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। অনেকেই ঘটনার পর থেকে পালিয়ে গিয়েছিলেন। বারুইপুর ও আশপাশের এলাকায় চিরুনি তল্লাশিতে আরও ১৪ জনকে ধরা হয়েছে। ধর্ষণ-খুনের মামলা ছাড়াও তাণ্ডব, হামলা ও সম্পত্তি নষ্টের তিনটি মামলায় এই গ্রেফতারির সংখ্যা মোট ৩২ জন বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে। 

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার পর থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি নির্যাতিতা কিশোরীর পরিবার ও নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় সাম্প্রদায়িক যোগ রয়েছে এবং দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি ‘অতৃপ্ত আত্মা’দের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে।” সমাজমাধ্যমে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

    পুলিশ জানিয়েছে, এখনও অনেক অভিযুক্তের খোঁজ চলছে। ভিডিও ফুটেজ দেখে আরও ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। বারুইপুরের এই ঘটনা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
  • Link to this news (আজকাল)