• শঙ্করপুরে সমুদ্রে গিয়ে কোথায় হারিয়ে গেল ১৬ জন?
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ‘জয় মা কালী’ নামে একটি ট্রলার। যা গত ২ জুলাই থেকে নিখোঁজ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রলারটির কোনও সন্ধান মেলেনি। ফলে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।

    জানা গিয়েছে, ২ জুলাই শঙ্করপুর বন্দর থেকে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন আবহাওয়া দপ্তর সামুদ্রিক ঝড়ের সতর্কবার্তা জারি করে এবং সমুদ্রে থাকা সমস্ত ট্রলারকে দ্রুত বন্দরে ফিরে আসার নির্দেশ দেয়। সেই সতর্কবার্তা পেয়ে অধিকাংশ ট্রলার নিরাপদে ফিরে এলেও ‘জয় মা কালী’ ট্রলারটি আর বন্দরে ফেরেনি। ট্রলারের সঙ্গে কোনওরকম যোগাযোগও করা যাচ্ছে না বলে মৎস্যবন্দর সূত্রে জানা গিয়েছে।

    এই ঘটনার পর থেকেই শঙ্করপুর মৎস্যবন্দরে ভিড় জমিয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। তাঁদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিষয়টি এডিএফ মেরিন, কোস্ট গার্ড-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভিন্ন মাধ্যমে ট্রলারটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

    শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক জানান, “আমরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছি। এখনও পর্যন্ত ট্রলার বা ১৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি। আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

    এদিকে, যে সমস্ত ট্রলার নিরাপদে বন্দরে ফিরে এসেছে, তারা ফের সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও গত কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল থাকায় আবারও মাছ ধরতে যেতে পারছে না। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন নিখোঁজ ট্রলার ও ১৬ জন মৎস্যজীবীর নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে পরিবার এবং গোটা মৎস্যজীবী মহল।
  • Link to this news (আজকাল)