• থানায় যেতেই হল মানস ভুঁইয়াকে! তিন ঘণ্টা পর যা হল...
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎের  অভিযোগে দায়ের তাঁর বিরুদ্ধে। এ বার সেই মামলার তদন্তে বৃহস্পতিবার সবং থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আদালতের নির্দেশ মেনে বেলা প্রায় সাড়ে ১১টা ৩০ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছন। সেখানে টানা প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রীকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি প্রথম দু'বার থানায় হাজির হননি বলে পুলিশ সূত্রের দাবি। পরবর্তীতে ওই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় অভিযোগ সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

    প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কোনও মন্তব্য করতে চাননি মানস রঞ্জন ভূঁইয়া। অভিযোগ, তদন্ত কিংবা আদালতের নির্দেশ কোনও বিষয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি তিনি। নীরব থেকেই থানার এলাকা ছেড়ে চলে যান প্রাক্তন মন্ত্রী। 

    এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের বিস্তারিত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি পুলিশ। এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, "কথায় আছে, পাপ বাপকে ছাড়ে না। দুর্নীতি যেমন করেছে। তেমনি শাস্তি হবে। আইন আইনের পথে চলবে।"
  • Link to this news (আজকাল)