• ‘তোমার বিছানায় গিয়ে তো নাচিনি’, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'তারকাটা' কটাক্ষ দিলীপের
    আজ তক | ০৯ জুলাই ২০২৬
  • রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বারুইপুরে পুলিশের এনকাউন্টার এবং তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে তৈরি হওয়া বিতর্ক নিয়ে একাধিক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকার, তৃণমূল নেতৃত্ব এবং বিরোধী শিবিরকে নিশানা করেন।

    এনকাউন্টার নিয়ে কী বললেন?
    দিলীপ ঘোষের দাবি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পর পুলিশের এনকাউন্টার হয়েছে। তাঁর কথায়, অতীতে নকশাল আমলে এ ধরনের ঘটনা ঘটত। তিনি বলেন, বিজেপি এনকাউন্টারকে লক্ষ্য হিসেবে দেখে না, তবে অনেক রাজ্যে কঠোর পুলিশি পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন বলেও তাঁর দাবি।

    তিনি আরও বলেন, অতীতে অন্য রাজ্যে এনকাউন্টার নিয়ে যাঁরা বিরোধিতা করতেন, তাঁরাই অপরাধীদের প্রশ্রয় দিয়েছেন। বর্তমান রাজ্য সরকার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ এখন আর পিছপা হচ্ছে না।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন, ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিয়ে তিনি প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, তাঁরা শুধু ঘটনাস্থলে গিয়ে ছবি তুলেছেন, কাজ করেননি।

    মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ
    তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচিতে এক কর্মীকে চড় মারার অভিযোগের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, 'মনে হচ্ছে উনি সংযম হারিয়ে ফেলেছেন। এতদিন কয়েকটা তার কাটা ছিল, এখন দেখছি সব তারই কেটে গেছে।'
    তিনি আরও বলেন, 'ক্ষমতায় থাকলে চোখ রাঙানো সহজ। কিন্তু বিরোধী দলে থাকলে ধৈর্য ধরতে হয়। আমরা বিরোধী থাকাকালীন রাস্তায় বাধা পেয়েছি, গাড়ি ভাঙচুর হয়েছে, সভার সময় মাইকে ‘খেলা হবে’ বাজানো হয়েছে। সেসব আমরা সহ্য করেছি।'

    এরপর কটাক্ষের সুরে তিনি বলেন, 'কাল আমাদের ছেলেরা একটু গান বাজিয়েছে, নেচেছে। আমরা জিতেছি, একটু নাচব না? তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি।' এরপর আরও মন্তব্য করেন, 'প্রয়োজন হলে সেটাও করব।'

    এনকাউন্টার নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব
    এনকাউন্টার নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, 'মাঠের মধ্যে এনকাউন্টার হয়েছে। সেখানে সিসিটিভি বা ভিডিওগ্রাফি থাকবে কীভাবে? সবকিছুর একটা সীমা আছে। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতেও কেউ কেউ অসন্তুষ্ট।'

    তৃণমূল ও কুণাল ঘোষকে আক্রমণ
    তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, 'তিনি দীর্ঘদিন ধরেই সহকর্মীদের সঙ্গে এমন আচরণ করে আসছেন।' তৃণমূল নেতা কুণাল ঘোষকেও কটাক্ষ করে তিনি বলেন, 'কুণাল ঘোষের বক্তব্য ও রাজনৈতিক ভূমিকার ফলেই আজ তৃণমূলের এই অবস্থা।'

    ডিম ছোড়ার ঘটনা নিয়েও মন্তব্য
    সাম্প্রতিক ডিম ছোড়ার বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, 'অনেকে এখন ডিম ছুড়ে প্রতিবাদ করছেন। এটাকেও এক ধরনের প্রতিবাদের ভাষা হিসেবে দেখা যাচ্ছে।' পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার প্রবণতা দেখা যাচ্ছে।

     
  • Link to this news (আজ তক)