• ইলিশ উৎসবে এসে মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা! সুন্দরবনে নদী সাঁতরে জঙ্গল বদল বাঘের
    News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
  • ভরা বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসব যেন বাড়তি চমক নিয়ে হাজির। ইলিশের স্বাদ উপভোগ করতে এসে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে উচ্ছ্বসিত পর্যটকেরা। সুন্দরবনের চোরাগাজীখালি এলাকায় এক বাঘকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যেতে দেখে রীতিমতো রোমাঞ্চিত হয়ে পড়েন মহেশতলা থেকে আসা একদল পর্যটক। তাঁরা সেই বিরল মুহূর্ত মোবাইল ফোনে ক্যামেরাবন্দিও করেন।

    জানা গিয়েছে, বর্তমানে সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। সেই উৎসবে অংশ নিতে বহু পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনে ভিড় জমিয়েছেন। ঠিক সেই সময়ই নদীতে সাঁতার কেটে জঙ্গল বদল করতে দেখা যায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে। এই দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাওয়ায় নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছেন পর্যটকেরা। সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। বিশেষ করে নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার দৃশ্য পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। সাধারণত শীতের মরসুমে এমন দৃশ্য বেশি দেখা গেলেও বর্ষাকালে এই ঘটনা ঘটায় পর্যটন মহলে উৎসাহ আরও বেড়েছে।

    ইলিশ উৎসবের আয়োজকদেরও আশা, বাঘ দর্শনের এই খবর আরও বেশি পর্যটককে সুন্দরবনের দিকে টানবে। কারণ অনেকেই ‘দক্ষিণরায়’-এর দর্শনের আশায় সুন্দরবনে আসেন, কিন্তু সকলের সেই সৌভাগ্য হয় না। পর্যটকদের কথায়, লঞ্চের ডেকে দাঁড়িয়ে হঠাৎ নদীর মাঝখানে সাঁতার কেটে বাঘকে জঙ্গল বদল করতে দেখা তাঁদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। শুধু বাঘই নয়, সুন্দরবনের নদী-খাঁড়ি, ম্যানগ্রোভ, পাখির ডাক এবং বর্ষার প্রকৃতিও তাঁদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে।
  • Link to this news (News18 বাংলা)