• ছোটো জাগুলিয়ার জলযন্ত্রণা কাটাতে পরিদর্শনে বিধায়ক, সুটি খাল, নিকাশি সংস্কারের প্রস্তাব
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বর্ষা এলেই জলবন্দি। বছরের পর বছর হাঁটুসমান জল ঠেলে স্কুল, বাজার, কর্মস্থলে যাতায়াত করতে হয় ছোটো জাগুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। সেই জলযন্ত্রণা থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে বুধবার এলাকায় নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্লক ও জেলা প্রশাসনের অফিসার ও ইঞ্জিনিয়াররা।

    বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি, মণ্ডলগাঁথি সহ একাধিক এলাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। রাস্তা, বাড়ির উঠোন, এমনকী বহু জায়গায় ঘরেও জল ঢুকে পড়ে। নিত্যযাত্রী  থেকে শুরু করে স্কুলপড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী— সকলকেই তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুটি খালের একাধিক অংশ দীর্ঘদিন ধরে জবরদখলের কবলে। নিকাশি নালাও দীর্ঘদিন সংস্কার হয় না। ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে বুধবার এলাকায় পরিদর্শনে যান বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বারাসত ১-এর বিডিও এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা। বিভিন্ন জায়গায় নিকাশির বর্তমান অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগও শোনেন তাঁরা। এই প্রসঙ্গে বিধায়ক শংকর চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার এত বছর ক্ষমতায় থাকলেও এলাকার মানুষের জল যন্ত্রণার স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ করেনি। প্রতি বর্ষাতেই দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে। সুটি খালকে জবরদখলমুক্ত করা এবং নিকাশি ব্যবস্থার সংস্কার এখন জরুরি। সেই কারণেই প্রশাসনিক আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে আজ সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)