ইডি অফিসার পরিচয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের কাছে টাকা চাওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডি’র ভয় দেখিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের কাছে থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল। ইডি অফিসার পরিচয় দিয়ে মামলা মিটমাট করতে ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মোনলিসা বন্দ্যোপাধ্যায়ের কাছে কয়েক লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের একটি কাফেতে দেখা করে সেই টাকা চাওয়া হয়। ঘটনাস্থল থেকেই রবীন্দ্র সরোবর থানায় ফোন করে বিষয়টি জানান প্রাক্তন কাউন্সিলার। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম যুধাজিৎ ঘোষ (৬১)। হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা তিনি।
মোনালিসার দাবি, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। যুধাজিৎ ঘোষ নিজেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক হিসাবে পরিচয় দেন। তিনি প্রাক্তন কাউন্সিলারকে বলেন, ‘আপনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা হয়েছে। সেই মামলা মেটাতে গেলে আলাদাভাবে দেখা করুন। কিন্তু, কাউন্সিলার বা ইডি অফিসে দেখা করা যাবে না।’ দেশপ্রিয় পার্কের পিছনে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে একটি কাফেতে ডাকা হয় প্রাক্তন কাউন্সিলারকে। একা সেখানে যাওয়ার জন্য বলেন ভুয়ো ইডি আধিকারিক। তাতেই সন্দেহ হয় মোনালিসার। তিনজনকে নিয়ে যান তিনি। কিন্তু, কাফে থেকে কিছুটা দূরে দাঁড়াতে বলেন তাঁদের। বিপদ হলে ইশারা করলেই সেখানে হাজির হওয়ার নির্দেশ দেন মোনালিসা।
টাকা দাবি করতেই সঙ্গে সঙ্গে ইশারায় তিনজনকে কাফেতে ডেকে পাঠান প্রাক্তন কাউন্সিলার। তাঁরা যুধাজিৎকে আটকে রেখে পুলিশে খবর দেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানা। থানায় যুধাজিতের বিরুদ্ধে সরকারি কর্মীর পরিচয় দিয়ে তোলবাজির লিখিত অভিযোগ করেন মোনালিসা। তার ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। লালবাজার সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে, হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা হলেও টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকার একটি আবাসনে থাকেন তিনি। ধৃতের দাবি, এই তোলা চাওয়ার পিছনে আরও লোকজন রয়েছেন। তাঁকে ৫০০ টাকার বিনিময়ে এই কাজ করতে বলা হয়েছিল। নেপথ্যে কে বা কারা রয়েছেন, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।