নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারও মাইনে বেড়েছে ১৪৬ টাকা, কারও আবার ২০০ থেকে ২৫০ টাকা! সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এজেন্সি মারফত নিয়োজিত অস্থায়ী কর্মীদের মাইনে এই হারেই বেড়েছে। যা দেখে রাজ্যের বিভিন্ন দপ্তরের মতো কলকাতা পুরসভার অন্দরেও অস্থায়ী কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তাঁদের দাবি, ক্ষমতায় আসার আগে শুভেন্দু অধিকারী ‘সম কাজে সম বেতন’-এর দাবিকে সমর্থন করেছিলেন। কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি কার্যকর না হওয়ায় আশাহত কর্মীরা।
সাম্প্রতিক রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র বড়ো অংশ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি ভাতা বা অতিরিক্ত বেতন ঘোষণা হয়েছে। কিন্তু অস্থায়ী কর্মীদের জন্য কোনো ইতিবাচক ঘোষণা নেই। স্বাভাবিকভাবেই আশা করে বসেছিলেন অনেকে। বিশেষ করে এজেন্সি মারফত যে অস্থায়ী কর্মীরা নিয়োগ পেয়েছেন, তাঁদের অবস্থা আরও খারাপ। কারণ, সরাসরি চুক্তিভিত্তিক কর্মীদের তুলনায় তাঁদের মাইনে অনেক কম। সম্প্রতি রাজ্য লেবার কমিশন এই এজেন্সি মারফত অস্থায়ী কর্মীদের বেতনের নতুন চার্ট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বেতন বেড়েছে খুব সামান্যই। পুরসভার বিভিন্ন বিভাগ মিলিয়ে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ১৮ হাজার। তাঁদের দ্বারাই পুরসভার দৈনন্দিন কাজের একটা বড়ো অংশ সম্পাদিত হয়। বিশেষ করে জঞ্জাল সাফাই বিভাগে এজেন্সি মারফত এবং সরাসরি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি। তাঁদের বক্তব্য, ‘সরকারি কর্মীদের মাইনে বাড়ল। প্রায় সমান ‘লোড’ নিয়ে আমাদের কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের এজেন্সি দ্বারা নিয়োজিত অস্থায়ী কর্মীরা যে বেতন পান, ততটা না হলেও অন্তত ভদ্রস্থ মাইনে দেওয়া হবে। কিন্তু, সেটাও হল না!’