পানিহাটি পুরসভার সিআইসিদের চেম্বারে হামলা, ভাঙা হল নেমপ্লেট
বর্তমান | ০৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার দুপুরে পানিহাটি পুরসভার সিআইসিদের (চেয়ারম্যান ইন কাউন্সিল) চেম্বারে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বিজেপি কর্মীরা পুরসভায় ঢুকে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। তাঁদের সঙ্গে পুরসভার কিছু কর্মীও যোগ দেন। যদিও সেই সময় কোনো সিআইসি হাজির ছিলেন না। তবে পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে ১৬ জন কাউন্সিলার মহকুমা শাসক ও পুলিশ কমিশনারকে প্রতিবাদ পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্নীতি, তেলাবাজি, পুকুর ভরাট সহ একাধিক অভিযোগে পুরসভার দুই কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন। একাধিক কাউন্সিলার পদত্যাগ করেছেন। পুরসভার চেয়ারম্যান সহ একাধিক সিআইসি এলাকা ছাড়া। নাগরিক পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। তবে ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সহ কিছু কাউন্সিলার পুরসভায় নিয়মিত হাজির হচ্ছেন। এদিন দুপুর ১২টা নাগাদ একদল বিজেপি কর্মী পুরসভায় হাজির হন। তাঁরা জলদপ্তরের সিআইসি তথা বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, শিক্ষাদপ্তরের সিআইসি শুক্লা বিশ্বাস মান্না, বিদ্যুৎ দপ্তরের সিআইসি তাপস দে’র চেম্বারে হামলা চালান। ঘরের বাইরের নেমপ্লেট ভাঙার পাশাপাশি ঘরের ভিতরে থাকা নেমপ্লেট সহ নানা ছবি ও সামগ্রী ভাঙচুর করা হয়। এরপর তা কুড়িয়ে বাইরে নিয়ে গিয়ে ফেলা হয়। এই ঘটনায় পুরসভায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, আমি দুপুর ১টায় পুরসভায় ঢুকেছি। তার আগে সিআইসিদের ঘরে ভাঙচুর করা হয়। আমরা আতঙ্কিত। আমি ছাড়াও ১৫ জন কাউন্সিলার মহকুমা শাসক, পুলিশ কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারি দপ্তরে এমন ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়? পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বলেন, বিষয়টি জানা নেই। অনিয়ম হলে পুলিশ ও প্রশাসন আইনানুগ পদক্ষেপ নেবে।