• সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের!
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: পালাবদলের পর রাজ্য সরকারের তরফে এ বার বড় নির্দেশ। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে ক্ল্যারিক্যাল ক্যাডারদের পদোন্নতির জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

    নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ক্ল্যারিক্যাল পদে নিযুক্তদের পদোন্নতির জন্য এবার থেকে কম্পিউটার ও টাইপিং পরীক্ষা পাশ বাধ্যতামূলক। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কর্মীদের ইনক্রিমেন্ট বা বেতনবৃদ্ধি বন্ধ থাকবে। কর্মীদের সিনিওরিটির সময়ও পিছিয়ে যাবে। যাঁদের ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যেই পদোন্নতি হয়েছে, তাঁদের পদোন্নতি বাতিল হবে না। তাঁরা বর্তমান পদ ও বেতনই বহাল থাকবে।

    নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ জানুয়ারি ২০১৯-এর পর ৫০ বছর বয়সী কর্মীদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট- এর নির্ধারিত কম্পিউটার পরীক্ষা পাশ করতে হবে। পরীক্ষা পাশ না করা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে। পরীক্ষা পাশ করলে নির্ধারিত তারিখ থেকে নোটিওনাল ভিত্তিতে ইনক্রিমেন্ট পুনর্বহাল হবে। তবে আর্থিক সুবিধা মিলবে পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণার পরের দিন থেকে।

    পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট কর্মীদের সিনিয়রিটি পুনর্নির্ধারণ করা হবে। বর্তমানে এই কর্মীরা যে এলডিসি, এলডিএ বা ইউডিসি বা ইউডিএ পদে রয়েছেন, সেগুলিকে আপাতত এক্স ক্যাডার পদ হিসেবে গণ্য করা হবে। যাতে যোগ্য অন্য কর্মীদের স্বাভাবিক পদোন্নতি ব্যাহত না হয়। পরীক্ষায় পাশ করে নিয়মিত শূন্যপদে সমন্বয়ের পর এক্স-ক্যাডার পদের ব্যবস্থা তুলে দেওয়া হবে।

    যাঁদের অবসরের আগে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না, তাঁদের ক্ষেত্রে অবসরকালীন সুবিধা বিবেচনা করে পরীক্ষায় ছাড় দেওয়ার প্রস্তাব ভেবে দেখা হবে। অর্থ দফতরের প্রতিজনের তথ্য বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ দফতর। কোনও কর্মী অবসরের আগে মৃত্যু বা অন্য কারণে চাকরি ছাড়লে, স্থগিত ইনক্রিমেন্ট নোটিওনাল ভিত্তিতে যোগ করা হবে। সঙ্গে দেওয়া হবে গ্র্যাচুইটি, লিভ স্যালারির নগদ অর্থের সমমূল্য-অর্থ-সহ মৃত্যুজনিত বা অন্যান্য টার্মিনাল সুবিধা দেওয়া হবে। তবে এই নির্দেশিকা জারির আগে যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাঁদের মামলাগুলি ফের না খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

     
  • Link to this news (আজকাল)