• বারাসত মেডিক্যাল আচমকা হাজির স্বাস্থ্যমন্ত্রী
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকাই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি ইমারজেন্সি, প্রসূতি ও সার্জিক্যাল বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় হাসপাতালের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টারকে শোকজ করার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী।

    রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে বৃহস্পতিবার আচমকাই হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এই সারপ্রাইজ ভিজিটেই হাসপাতালের একাধিক গাফিলতি সামনে আসে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার-সহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে শোকজের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবা নিয়ে বড় ধরনের অসন্তোষ প্রকাশ না করলেও হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে ক্ষোভ উগরে দেন। হাসপাতালের ওয়ার্ডের ভিতরে বিড়ালের অবাধ যাতায়াত দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়াও ওষুধ রাখার ব়্যাকে দীর্ঘদিনের জমে থাকা ধুলো নজরে আসায় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের তীব্র ভর্ৎসনা করেন।

    স্বাস্থ্যমন্ত্রীর মতে, রোগীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটিগুলি দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই ঘটনার পর হাসপাতাল জুড়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও জোরদার করা হয়েছে।

    পাশাপাশি এদিন রোগীর পরিবারের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীর পরিবারের তরফ থেকে জানানো হয় চিকিৎসা সুষ্ঠুভাবে পেলেও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তাদের অভিযোগ রয়েছে। মন্ত্রীর আচমকা পরিদর্শনে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ জুড়ে। এদিন বিভিন্ন বিভাগ ঘুরেও দেখেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে গিয়ে ময়লা ফেলার ডাস্টবিনগুলি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদ্বত জানান, পরিষেবা নিয়ে কথা না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু গাফিলতি রয়েছে। 
  • Link to this news (আজকাল)