• রাজ্যপালের সঙ্গে উপাচার্যদের বৈঠক, কী নিয়ে আলোচনা?
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যপাল তথা আচার্য আর এন রবি। বৈঠকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক ও শিক্ষাগত সমস্যা, পরিকাঠামোর অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    প্রত্যেক উপাচার্যকে নিজেদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তুলে ধরার জন্য প্রায় চার মিনিট করে সময় দেওয়া হয়। অধিকাংশ উপাচার্যই বিশ্ব বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা, রেজিস্ট্রার, অর্থ আধিকারিক ও অধ্যাপক-সহ একাধিক গুরুত্বপূর্ণ শূন্যপদের কথা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ব বিদ্যালয়গুলির সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তার দাবিও জানানো হয়।

    জবাবে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতি বছর নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান আয়োজন, নিজস্ব আয়ের উৎস বৃদ্ধি, সার্টিফিকেট কোর্স চালু এবং স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরামর্শ দেন। তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে প্রতিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলি খতিয়ে দেখে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

    বৈঠক শেষে উপাচার্যদের একাংশের মত, এই আলোচনা বিশ্ব বিদ্যালয়গুলির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুলে দিতে পারে।

    বৈঠকে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়, সিধু-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রাররা।

    তবে, আচার্যের সঙ্গে অন্য়ান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন না।
  • Link to this news (আজকাল)