আজকাল ওয়েবডেস্ক: বুধবার পথে নেমেছিল কালীঘাট তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস। আদালত মঙ্গলে তাদের শর্ত সাপেক্ষ অনুমতি দেয়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে, হাজরা মোড় পর্যন্ত মিছিলের বেঁধে দেওয়া হয়েছিল সময়-লোকসংখ্যা। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি হয়। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, বহু মানুষ আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি বিচারে নিজের বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন খোদ মমতা ব্যানার্জি। নিজেই রাস্তা পরিষ্কার করে, আক্রান্ত কর্মীদের এসএসকেএম হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করেন। কালীঘাট তৃণমূলের অভিযোগের তীর মূলত বিজেপির দিকে।
এই পরিস্থিতিতে, ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষ একটি টুইট করেছেন। নির্দিষ্ট কারও নাম না করলেও, কুণালার নিশানায়, মমতা ব্যানার্জির ছাত ছেড়ে পৃথক হয়ে যাওয়া নেতা-নেত্রীরাই। তৃণমূল ভোটে হারার পর, দু'মাসেই কার্যত বিধানসভা, লোকসভায় সংখ্যালঘু মমতা শিবির। এই পরিস্থিতিতে পুরনো দিন মনে পড়িয়ে, বর্তমান পরিস্থিতিতে, যাঁরা ক্ষমতাহীন-মমতার পাশে দাঁড়িয়ে লড়ছেন, তাঁদের কথা বলতে গিয়ে কুণাল লিখছেন, 'তৃণমূল ক্ষমতায় থাকলে সামনের মুখগুলো ভাবুন। ছাত্র, যুব, মহিলা, শ্রমিক শাখা পর্যন্ত। আর এখন সরকারে না থাকা কঠিন পিচে ব্যাট করার সময়ের মুখগুলো দেখতে থাকুন। আজকের মার খেয়ে লড়া ছেলেমেয়েগুলোকে দেখুন। হ্যাঁ, ভালো হয়েছে ক্ষমতায় নেই। তাহলে ওই সুবিধেবাদীরা আজও রাজ করত। নিজেদের মেদ বাড়াতো।'
তারপরেই কুণাল লিখেছেন, 'আজ ক্ষমতা হয়ত নেই। দিদি আছে। ক্ষমতা ভোগ করে যাওয়া ধান্দাবাজ নেই। কিন্তু সম্মান নিয়ে লড়াই করে যাওয়ার কিছু মুখ, কিছু চেষ্টা আছে।'