• একফ্রেমে পরাণ-অভিজিৎ, জোরকদমে চলছে 'লাভ ইউ জুবিন দা'-র শুটিং
    eTV Bharat | ০৯ জুলাই ২০২৬
  • হায়দরাবাদ, 9 জুলাই: পরিচালক ও সঙ্গীত পরিচালক শ্রী প্রীতম পরিচালিত বহুল প্রতীক্ষিত বাংলা মিউজিক্যাল ড্রামা 'লাভ ইউ জুবিন দা'-র শুটিং চলছে পুরোদমে। বাংলা ও অসমের সাংস্কৃতিক বন্ধন, সঙ্গীতের প্রতি ভালোবাসা এবং এক স্বপ্নবাজ তরুণের সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

    এমডি ফারুক উদ্দিন-এর প্রযোজনায় এবং গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড ও বর্ষা মুভিজ-এর উপস্থাপনায় নির্মিত এই ছবির কেন্দ্রে রয়েছে বিশাল নামে এক সংগ্রামী গায়কের গল্প, যার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। তবে নির্মাতারা স্পষ্ট জানিয়েছেন, 'লাভ ইউ জুবিন দা' কোনওভাবেই জুবিন গর্গের বায়োপিক নয়, এটি তাঁর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

    পরিচালক শ্রী প্রীতম বলেন, "খুব সুন্দরভাবে ছবির শুটিং এগিয়ে চলেছে। প্রত্যেক শিল্পী এই ছবির সঙ্গে শুধু অভিনয়শিল্পী হিসেবে নন, ব্যক্তিগত আবেগ নিয়েও যুক্ত হয়েছেন। সেই আন্তরিকতাই ‘লাভ ইউ জুবিন দা’-কে আরও বিশেষ করে তুলেছে।" তিনি আরও জানান, ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় জিনিয়ার দাদুর চরিত্রে অভিনয় করছেন। বাস্তব জীবনেও তিনি জুবিন গর্গের গান ও সঙ্গীতের একজন অনুরাগী। জুবিন গর্গের প্রতি তাঁর গভীর ভালোবাসা থেকেই তিনি গল্প বা চিত্রনাট্য শোনার আগেই এই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি জানান।

    একইভাবে, অভিজিৎ গুহ, যিনি বাংলা সিনেমায় প্রথমবারের মতো জুবিন গর্গকে সঙ্গীত পরিচালক হিসেবে নিয়ে এসেছিলেন, তিনিও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। পরিচালক জানান, জুবিন গর্গের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং সেই আবেগের কারণেই তাঁকে এই ছবির গুরুত্বপূর্ণ অংশ করে তোলা হয়েছে। ছবিতে জিনিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন অসমের জনপ্রিয় অভিনেত্রী গীতাবলী রাজকুমারী। জুবিন গর্গের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসার টানেই তিনি গল্প বা চিত্রনাট্য না শুনেই ছবিতে কাজ করার সম্মতি দেন। এমনকি শুটিংয়ের জন্য অসম থেকে কলকাতায় এসে অংশগ্রহণ করেন। নির্মাতাদের মতে, তাঁর এই আন্তরিকতা ছবির আবেগকে আরও সমৃদ্ধ করেছে।

    'লাভ ইউ জুবিন দা'-র মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন বর্ষা সেনগুপ্ত। মুখ্য চরিত্রে রয়েছেন ইকবাল রহিমি। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায়, মধুমিতা গুপ্ত-সহ একাধিক গুণী শিল্পী। বর্তমানে কলকাতা ও সংলগ্ন বিভিন্ন লোকেশনে ছবির শুটিং চলছে। নির্মাতাদের বিশ্বাস, সঙ্গীত, আবেগ, মানবিক সম্পর্ক এবং বাংলা-অসমের সাংস্কৃতিক মেলবন্ধনের এই গল্প দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। খুব শীঘ্রই ছবির শুটিংয়ের পরবর্তী পর্যায় সম্পন্ন করে দর্শকদের সামনে নিয়ে আসা হবে এই বহু প্রতীক্ষিত সিনেমা।
  • Link to this news (eTV Bharat)