• চা পাতা তুললেই নগদ পুরস্কার! ৭৫ দিনের চ্যালেঞ্জে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে নতুন উদ্যোগ
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • এখানে এলেই মিলবে নগদ! চা পাতা তুললেই টাকা! ৭৫ দিনের চ্যালেঞ্জে সরগরম ডেঙ্গুয়াঝাড়। কেন জানেন? শ্রমিকদের উপস্থিতির হার বাড়াতে, কাজে উৎসাহ দিতে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে নতুন চমক। ৭৫ দিন টানা কাজেই মিলবে নগদ পুরস্কার। ডুয়ার্সের চা বাগান মানেই শুধু সবুজের সমারোহ নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে হাজার হাজার শ্রমিকের জীবন ও জীবিকা। সেই চেনা ছবিতেই এবার নতুন মাত্রা যোগ করল ডেঙ্গুয়াঝাড় চা বাগান কর্তৃপক্ষ।

    শ্রমিকদের নিয়মিত উপস্থিতি বাড়ানো এবং চা পাতা তোলার পরিমাণ বৃদ্ধি করতে অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বাগানে। বাগান সূত্রে জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শ্রমিকদের টানা ৭৫ দিন কাজে উপস্থিত থাকা বাধ্যতামূলক। শুধু উপস্থিত থাকলেই হবে না, সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে সর্বাধিক পরিমাণ চা পাতা তোলার দিকেও নজর রাখতে হবে। অর্থাৎ, উপস্থিতি ও উৎপাদন দুইয়ের উপরই নির্ভর করবে সাফল্য।

    প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী শ্রমিককে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ২ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১,৫০০ টাকা। বাগান কর্তৃপক্ষের দাবি, এই আর্থিক সাহায্য শ্রমিকদের কাজে আরও উৎসাহিত করবে।প্রতি মাসে শ্রমিকদের উপস্থিতি এবং চা পাতা তোলার পরিমাণ খতিয়ে দেখা হবে। যাঁরা নিয়মিত কাজ করবেন এবং উৎপাদনে এগিয়ে থাকবেন, তাঁদেরই চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। ফলে এই প্রতিযোগিতা শ্রমিকদের মধ্যে সুস্থ কাজের পরিবেশ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

    বাগান কর্তৃপক্ষের কথায়, শ্রমিকদের কাজে অনুপস্থিতি ও ফাঁকির প্রবণতা খানিক কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের মনোবল বাড়ানো এবং তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করাও এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য। তাই, উপস্থিতি আর পরিশ্রম এই দুইয়ের জোরেই মিলবে এই নগদ পুরস্কার। বদলাচ্ছে চা বাগানের কাজের ধরন। স্থানীয়দের  শ্রমিক একাংশের মতে, এই উদ্যোগ সফল হলে অন্যান্য চা বাগানও একই পথে হাঁটতে পারে। ফলে ডুয়ার্সের চা শিল্পে নতুন দিশা দেখাতে পারে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এই পদক্ষেপ। আর্থিক লাভের পাশাপাশি সুস্থ ইতিবাচক কাজের পরিবেশ তৈরি হবে। তবে এখন দেখার এই প্রতিযোগিতা বাস্তবে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
  • Link to this news (News18 বাংলা)