হাতে হাতে বিশেষ 'রিস্ট ব্যান্ড', হাসপাতালে দালাল দৌরাত্ম্য রুখতে অভিনব উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
হাসপাতালগুলিতে দালালরাজ রুখতে করতে এবার বিশেষ ব্যান্ড পড়তে হবে হাসপাতালে! বারাসত মেডিক্যাল কলেজে ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এসে স্বাস্থ্যমন্ত্রী পরিষেবা উন্নয়নের পাশাপাশি জানালেন সেই কথাই। পূর্ব কোনও ঘোষণা ছাড়াই এদিন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালের জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ, সার্জিক্যাল ওয়ার্ড, হোস্টেল, একাডেমিক বিল্ডিং-সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখে তিনি নানা নির্দেশ দেন। পাশাপাশি বাথরুম, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সামগ্রিক পরিকাঠামোও খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ বা দোষারোপ করতে তিনি চান না। তাঁর কথায়, সরকার বর্তমানে আমাদের, তাই পরিষেবার ঘাটতির দায়ও সরকারের। মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করাই তার লক্ষ্য। হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন। হাসপাতালের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টারকে শোকজ করার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতালে দালালচক্র রুখতে নতুন ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী। তাঁর দাবি, হাসপাতালের কর্মী, নার্স, রোগী ও রোগীর আত্মীয়দের হাতে বিশেষ ব্যান্ড থাকবে, যাতে সহজেই তাঁদের পরিচয় চিহ্নিত করা যায়। এর বাইরে কাউকে পাওয়া গেলে তাকে দালাল হিসেবে চিহ্নিত করে, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারিরও নির্দেশ দেন তিনি। এছাড়া হাসপাতালের বেড সমস্যা অনেকটাই মিটেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির জন্য ২,২৫০ অতিরিক্ত বেড অনুমোদন করেছে। হাসপাতাল চত্বরে যত্রতত্র আবর্জনা যাতে না থাকে, সে বিষয়েও কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই সিসিটিভি মনিটরিং শুরু হয়েছে। পর্যায়ক্রমে গ্রামীণ, মহকুমা ও জেলা হাসপাতালেও একই ব্যবস্থা চালু করা হবে। রোগী পরিষেবায় কোনওরকম ঘাটতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আচমকা পরিদর্শন চলবে বলে জানিয়েছেন ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।