২৫ মাসে টাকা দ্বিগুণ! হাওড়ায় কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা, এই সংস্থায় আপনি টাকা রাখেননি তো?
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
মাত্র ২৫ মাসে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়া হবে! এই লোভনীয় প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করার এক বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। শেয়ার বাজারে টাকা খাটানোর নামে মানুষকে ভুল বুঝিয়ে ফাঁদ পেতেছিল একটি ভুয়ো বিনিয়োগ সংস্থা। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থার ডিরেক্টর সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সংস্থার তিন ডিরেক্টর— সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল ও সুদ্রিশা কাঞ্জিলাল। এছাড়াও গ্রেফতার করা হয়েছে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পাল নামে সংস্থার তিন কর্মীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকদের পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত। সাধারণ মানুষকে বেশি টাকা বিনিয়োগে উৎসাহিত করতে শুরুতে অল্প কিছু টাকা রিটার্ন বা ফেরত দেওয়া হত। এতেই বিশ্বাসযোগ্যতা বাড়ত। এই ফাঁদে পা দিয়েই হাওড়ার এক বাসিন্দা ২৫ মাসে টাকা দ্বিগুণ করার আশায় প্রায় ১৩ লক্ষ টাকা লগ্নি করেছিলেন। প্রথম দিকে তাঁকে কিছু টাকা ফেরত দেওয়া হলেও, পরবর্তীতে সংস্থার কর্মকর্তারা তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্পূর্ণ জাল নথিপত্র ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই চক্রটি।
ইতিমধ্যেই প্রতারিত বহু মানুষ বিভিন্ন থানায় এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানায়। তার ভিত্তিতেই তদন্তে নেমে এই সাফল্য পায় গোয়েন্দা শাখা। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশের স্পষ্ট বক্তব্য, অল্প সময়ে টাকা দ্বিগুণ বা অস্বাভাবিক মাত্রায় বেশি লাভের লোভ দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে প্রতারকরা। এই ধরণের লোভনীয় বা দৃষ্টি আকর্ষণ এর বিজ্ঞাপনে বা প্রলোভনে পা না দিয়ে, যে কোনও সংস্থায় অর্থ লগ্নির আগে সাধারণ মানুষকে আরও সচেতন ও সতর্ক হতে হবে।