• প্রভাসের ‘ফৌজি’র সেটে বিষাক্ত পোকার কামড়, এখনও বিপন্মুক্ত নন রাজেশ শর্মা, তদন্তের দাবি AICWA-র
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • হায়দরাবাদে সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’ (Fauji)-র শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার কবলে টলিউডের প্রখ্যাত অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড়ে তাঁর সংক্রমণ শুরু হয়। শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে শুরু করে। কলকাতায় ফিরতেই তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সামান্য একটি পোকার কামড় থেকে সংক্রমণ (Infection) এতটাই ছড়িয়ে পড়ে যে, অভিনেতার তীব্র জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হয়। এই ঘটনায় টলিউড ও বলিউড জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা এই ঘটনার জন্য শুটিং সেটের চূড়ান্ত অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবকে দায়ী করে ‘উচ্চপর্যায়ের তদন্ত’-এর দাবি জানিয়েছেন।

    অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবরটি প্রথম সমাজমাধ্যমে শেয়ার করেন টলিউডের জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এর পরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডল-এ একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করে। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, হায়দরাবাদের সেটে রাজেশ শর্মার অবস্থা যখন খারাপ হতে শুরু করেছিল, তখন নির্মাতারা কেন তাঁকে সেখানকার কোনও বড় হাসপাতালে ভর্তি করালেন না? কেন তাঁকে ওই অসুস্থ শরীর নিয়ে কলকাতায় এসে হাসপাতালে ভর্তি হতে হলো?

    বিবৃতিতে AICWA-র সভাপতি বলেন, ‘অভিনেতার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে AICWA মনে করে, এই জরুরি চিকিৎসা সঙ্কটের নেপথ্যে ঠিক কী পরিস্থিতি ছিল, তা জানতে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। শুটিং সেটে কি কোনও জরুরি চিকিৎসা ব্যবস্থা বা ডাক্তার ছিলেন? সেখানে কি স্বাস্থ্যবিধি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হচ্ছিল?’

    সিনে সংগঠনটি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির (A. Revanth Reddy) কাছে এই ঘটনার দ্রুত উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। যে যে প্রযোজনা সংস্থা বা প্রযোজক সেটে কর্মীদের ন্যূনতম স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি মেনে চলেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। একইসঙ্গে, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এবং ‘এম এস ধোনি’ খ্যাত অভিনেতা রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত খরচ ছবির প্রযোজক এবং প্রযোজনা সংস্থাকে বহন করার দাবি তুলেছে AICWA। তবে এই পুরো বিতর্ক ও অভিযোগের বিষয়ে ‘ফৌজি’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (এই সময়)