এই সময়: নিয়োগে অনিয়ম থাকায় প্রভাবশালী চিকিৎসক রিয়াল দাসকে মেডিক্যাল এডুকেশন সার্ভিস থেকে বেতন কমিয়ে বুধবারই বদলি করা হয়েছিল হেলথ সার্ভিসে। বিগত সরকারের শীর্ষ মহলের ঘনিষ্ঠ চিকিৎসক শ্যামাপদ দাসের মেয়ের সেই পোস্টিং বিতর্ক নিয়ে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর কথায়, 'রিয়াল দাসকে এখন পাঠানো হয়েছে তাঁর 'রিয়েল' জায়গায়।'
স্বাস্থ্য দপ্তরের নির্দেশে রিয়ালকে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে মেডিক্যাল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ এবং সাইকিয়াট্রিক এপিডেমিওলজি বিভাগের প্রধান চিকিৎসকের পদ থেকে সরিয়ে ওয়েস্টবেঙ্গল হেলথ সার্ভিসের মেডিক্যাল অফিসার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর অতিরিক্ত প্রাপ্ত বেতনও ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসা ইস্তক শারদ্বত স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার নানা 'ফাঁকফোকর' মেরামত করতে সময় লাগবে, কিন্তু অনিয়ম বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, 'প্রতিহিংসার রাজনীতি নয়, তবে যাঁরা অন্যায় করেছেন, তাঁদের জবাবদিহি করতেই হবে।' রিয়ালের বদলি তারই অঙ্গ বলে মনে করছে স্বাস্থ্য মহলের একাংশ। খোদ শারদ্বত বলছেন, 'উনি মেডিক্যাল এডুকেশনে থাকবেন কেন? ওঁর তো প্রয়োজনীয় স্নাতকোত্তর ডিগ্রি ছিল না। যে অতিরিক্ত বেতন তিনি পেয়েছেন, সেটাও তো ফেরত দিতে হবে তাঁকে।' রিয়ালের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। যদিও অভিযোগ উড়িয়ে রিয়ালের বক্তব্য, 'নিয়ম মেনেই চাকরিতে যোগ দিয়ে কাজ করেছি। এর বেশি কিছু বলব না।'