নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। কারণ, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইরানে ফের মার্কিন হামলা। ফলে জেরে পেট্রপণ্য রপ্তানিতে বিপুল ধাক্কা আসতে পারে—চরম আশঙ্কায় কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। তাই এবার ইথানল মিশ্রিত ‘ই ২০’ পেট্রলের পক্ষে মরিয়া সওয়াল কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর। ইথানল বিতর্ককে তিনি বৃহস্পতিবার ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়েছেন। বলেছেন, ‘ই ২০ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি হয় এরকম প্রমাণ নেই। আসলে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চাইছে না ভারতে ইথানল ও অপ্রচলিত শক্তি ভিত্তিক পরিবহণ ব্যবস্থা চলুক। তাই এই চক্রান্তমূলক প্রচার।’ মন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘সরকার তো নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছে যে, ই ২০ নিছক পাইলট ও পরীক্ষামূলক উদ্যোগ। এখনও এটা সরকারিভাবে পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। অথচ কেন পেট্রল পাম্পে ইথানল ছাড়া কোনো বিশুদ্ধ পেট্রল পাওয়া যায় না? কেন পেট্রলের সম্পূর্ণ দাম দিয়েও গাড়ি ব্যবহারকারীরা পাবে ইথানল মিশ্রিত পেট্রল?’ জবাবে পেট্রলিয়াম মন্ত্রী বলেছেন, এই কারণেই কিন্তু গত তিন মাস ধরে যুদ্ধ চললেও দেশে পেট্রপণ্যের কোনো অভাব অনুভূত হয়নি। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি এদিনও ইথানল বিতর্ক নিয়ে সাফ জানিয়েছেন, এই ধরনের পেট্রলে গাড়ির মাইলেজ সামান্য প্রভাব পড়ে। কিন্তু ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না।